
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সফলভাবে সম্পন্ন হয়েছে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৮’।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপনী ঘোষণা করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
নিয়ন্ত্রক সংস্থার কমিশনারবৃন্দ এবং কমিশনের কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান বলেন, বিনিয়োগ শিক্ষা ছাড়া পুঁজিবাজারকে কোনোভাবেই এগিয়ে নেওয়া সম্ভব নয়। ২০১০ সালের ভয়াবহ বিপর্যয়ের পরে যারা বাজারে এসেছে, আমরা চেয়েছি তাদের স্বস্তি দিতে। এলক্ষ্যে আমরা বিভিন্ন আইন-কানুন ও বিধি-বিধান করেছি। এসবের সুফল বিনিয়োগকারীরা পেতে শেুরু করেছেন।
তিনি বলেন, বিনিয়োগ শিক্ষা শুধু একটি বছরের জন্য নয়,সারাবছর চলবে। ইন্ডিয়া, শ্রীলঙ্কা আমাদের চেয়ে এগিয়ে আছে। তবে আমাদের সংখ্যা কম হলেও যেভাবে আমরা কাজ করছি তাতে শিগগিরই আমরা একটি শক্তিশালী পুঁজিবাজার গড়তে পারবো।
বিএসইসি চেয়ারম্যান বলেন, পাঠ্যপুস্তকে বিনিয়োগ শিক্ষা অন্তর্ভূক্ত করতে আমরা কাজ শুরু করে দিয়েছি। আশা করি েউর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অচিরেই আমরা এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌছাতে পারবো।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উযযাপনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করায় বিএসইসির কর্মকর্তা-কর্মচারি ও পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিএসইসি চেয়ারম্যান।
উল্লেখ্য, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের সংগঠন International Organisation of Securities Commissions (IOSCO) কর্তৃক ঘোষিত “বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ একযোগে বিশ্বের ৮৪ দেশে উদযাপিত হয়েছে। বাংলাদেশে এ কর্মসূচি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের এ সংক্রান্ত শিক্ষায় শিক্ষিত করতেই IOSCO এর এই আয়োজন।
(এসএএম/ ১৩ অক্টোবর ২০১৮)