Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 13:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বীমা এখন বড় ধরনের ব্যবসায়ের খাতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গতকাল বুধবার সচিবালয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সরকারি কোষাগারে আনুষ্ঠানিকভাবে টাকা জমা দিতে গেলে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ তাঁর দুই সদস্য গকুল চাঁদ দাস ও মুরশিদ আলমকে সঙ্গে নিয়ে অর্থমন্ত্রীর কাছে ১০০ কোটি টাকার চেক তুলে দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারই বীমা উন্নয়নে ব্যাপক কার্যক্রম শুরু করেছে। বীমা বড় ধরনের ব্যবসার খাত। আশা করব এ খাতের আরও প্রসার ঘটবে।’

আইডিআরএ এর আগে দুবার ২৮ কোটি ৪৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আইন অনুযায়ী, ব্যয় নির্বাহের পর নিজস্ব তহবিলে কোনো অর্থ উদ্বৃত্ত থাকলে এর সম্পূর্ণ বা অংশবিশেষ সরকারের কোষাগারে জমা দিতে হয়।

প্রসঙ্গত, পুরোনো বীমা অধিদপ্তর বিলুপ্ত হওয়ার পর ২০১১ সালের ২৬ জানুয়ারি বীমা খাতের নিয়ন্ত্রক হিসেবে যাত্রা শুরু করে আইডিআরএ। তিন বছর করে দুই মেয়াদে সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এম শেফাক আহমেদ। কার্যদিবস হিসেবে আজ বৃহস্পতিবার তাঁর দ্বিতীয় মেয়াদের দায়িত্বের শেষ দিন।

(এসএএম/ ০৬ এপ্রিল ২০১৭)