
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইন্দোনেশিয়ায় ১৮৮ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি জাকার্তা বিমানবন্দর থেকে দেশটির দ্বীপ শহর পাঙকাল পিনাঙয়ের উদ্দেশ্যে উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় সাগর পাড়ি দেওয়ার সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত। তবে বিমানটির অবস্থান এখনও চিহ্নিত করা যায়নি। আমরা উদ্ধার অভিযান শুরু করেছি।
লায়ন এয়ার ইন্দোনেশিয়ায় স্বল্প বাজেটের বিমান পরিবহন সংস্থা হিসেবে পরিচিত। দুর্ঘটনাকবলিত বিমানটি বোয়িং ৭৩৭ মডেলের বলে জানা গেছে।
সংস্থাটির প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাইট বলেছেন, এই মুহূর্তে কোনও মন্তব্য করতে পারছি না। আমরা যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছি।
তবে ইন্দোনেশিয়ার ডিজেস্টার এজেন্সির প্রধান সুতোপো পুরো নুগরুহো টুইটারে কয়েকটি ছবি দিয়ে বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে বিমান বিধ্বস্তের জায়গায় গিয়েছেন। বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের বিষয়ে তিনি কোনো কথা বলেননি।
এর আগে ২০১৪ সালের ২৮শে ডিসেম্বর ১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার একটি উড়োজাহাজ জাভা সাগরে বিধ্বস্ত হয়।
(এসএএম/ ২৯ অক্টোবর ২০১৮)