Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 01:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: গত রোববার অস্ট্রেলিয়া টোয়েন্টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হবার পর এবার নিউজিল্যান্ডও ধরাশায়ী হলো পাকিস্তানের কাছে। বাবর আজমের রেকর্ড রানে গতকাল দুবাইয়ে শেষ টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৭ রানে সহজেই পরাজিত করে পাকিস্তান ৩-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে।

২৪ বছর বয়সী টি২০ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান বাবর ৫৮ বলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সহায়তায় ৭৯ রান করে ক্রিকেটের ছোট ফর্মেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। এছাড়া মোহাম্মদ হাফিজ ৩৪ বলে দুটি ওভার বাউন্ডারি ও চারটি বাউন্ডারির সহায়তায় অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেছেন। এই দুজনের ব্যাটিংয়ে ভর করে পাকিস্তান দুবাই স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং থেকে ৩ উইকেটে ১৬৬ রানের স্কোর করে।

এরপর পাকিস্তানী দুই স্পিনার শাদাব খান (৩-৩০) ও ইমাদ ওয়াসিমের (২-২৮) বোলিং তোপে নিউজিল্যান্ডের ইনিংস ১৬.৫ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায়। মাত্র ২৩ রানে কিউইরা তাদের শেষ আটটি উইকেট হারিয়েছে। ৩৮ বলে আটটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সহায়তায় কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৬০ রান সংগ্রহ করেছেন। এছাড়া ওপেনার গ্লেন ফিলিপসের ব্যাট থেকে এসেছে ২৬ রান।

ব্যাটিংয়ে নেমে ৪৮ রান করার পরেই আজম টি২০’তে হাজার রানের নতুন রেকর্ড গড়েন। মাত্র ২৬ ইনিংসে তিনি এই রেকর্ড গড়েছেন। এর আগে ২৭ ইনিংসে হাজার রান সংগ্রহ করে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতীয় তারকা বিরাট কোহলি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে টি২০’তে অভিষেক হবার পর থেকেই আজম নিজেকে প্রমান করে চলেছেন। ঐ সময় অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের অধীনে পাকিস্তানও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষে নিয়ে যায়। এরপর থেকে পাকিস্তান ৩৩টি টি২০ ম্যাচে জিতেছে ২৯টিতে, পরাজিত হয়েছি মাত্র চারটিতে। এ বছর ১৯টির মধ্যে জয়ী হয়েছে ১৭টিতে। গতকাল টানা ৯টি টি২০তে জয়ের ধারা অব্যাহত রাখলো পাকিস্তান। জুলাইয়ে হারারেতে অস্ট্রেলিয়ার কাছে সর্বশেষ পরাজিত হয়েছিল সরফরাজের দল।

বিগ হিটার কলিন মুনরো (২) ও কলিন ডি গ্র্যান্ডহোমকে (৬) হারানোর পর উইলিয়ামসন ও ফিলিপস তৃতীয় উইকেটে ৮৩ রান যোগ না করলে নিউজিল্যান্ডের পরাজয়ের ব্যবধান হয়ত আরো বড় হতো। কিন্তু শাদাবের একই ওভারে এই দুজনও সাজঘরে ফিরলে বাকি ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র ইস সোদি (১১) দুই অঙ্কের কোটা পার করতে পেরেছেন। রস টেইলর (৭), মার্ক চ্যাপম্যান (২) ও টিম সেইফার্ত (০) দ্রুত আউট হলে নিউজিল্যান্ডের পরাজয়টা সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়। অভিষিক্ত ওয়াকাস মাকসুদ ২১ রানে নিয়েছেন ২ উইকেট।

ম্যাচ শেষে পাকিস্তানী অধিনায়ক সরফরাজ বলেছেন, ‘আরেকটি দুর্দান্ত দলীয় প্রচেষ্টার ফল ছিল আজকের ম্যাচ। আমাদের ১৬০’র এর বেশী রান প্রয়োজন ছিল যা ব্যাটসম্যানরা করে দেখিয়েছে। পুরো সিরিজেই আমরা নতুন বলে উইকেট পেয়েছি। ব্যাট হাতেও আমদের পারফরমেন্স ছিল অসাধারণ। অনেকগুলো রেকর্ডও হয়েছে।’

১৯ ম্যাচে ২৮ উইকেট নিয়ে এ বছর টি২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হতে যাচ্ছেন শাদাব।

আবুধাবীতে প্রথম ম্যাচে ২ রানে ও দুবাইয়ে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতেছিল স্বাগতিক পাকিস্তান।
আগামী বুধবার থেকে আবু ধাবীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে দু’দল।

(এমআইআর/ ০৫ নভেম্বর ২০১৮)