
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারসহ ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা শেষে বাড়ী ফেরার পথে শহরের জেলখানা মোড় থেকে তাদেরকে আটক করে পুলিশ।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের আটকের বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
খায়রুল কবির খোকন জানান, নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল মাষ্টার একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যাক্তি। তিনি শারিরীকভাবে অসুস্থ। বিনা কারণে কোন মামলা ছাড়াই তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, মামলা হামলা করে সুস্থ রাজনৈতিক চর্চা হয়না। এটা কোন গণতান্ত্রিক পন্থা নয়। বর্তমান সরকার রাজনৈতিকভাবে মোকাবেল করতে ব্যর্থ হয়ে বিএনপির নেতাকর্মীদের মামলা হামলার মাধ্যমে ধাবিয়ে রাখতে চায়। আসলে বর্তমান সরকার গণতন্ত্রের লেবাস নিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের আসু মুক্তি কামনা করেন।
এর আগে বিকেলে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে চিনিশপুরস্থ বিএনপির কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক মহিলা এমপি রোকেয়া আহাম্মেদ লাকি, জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি সালেহ চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি উম্মে ছালমা মায়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কবির আহাম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস্ কেনেডি প্রমূখ।
(এসএইচআর/এসএএম/ ০৮ নভেম্বর ২০১৮)