Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 01:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) দুই হাজার কোটি টাকার বন্ডে  ৪০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই। আইসিবি চাইলে আরও ৬০ কোটি টাকা বিনিয়োগ করার ইচ্ছে রয়েছে স্টক এক্সচেঞ্জটির।

শেয়ারবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে বড় তহবিল গঠনে আইসিবির বন্ডে এরই মধ্যে অগ্রণী ব্যাংক ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। শিগগির আরও দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ও সোনালী বিনিয়োগ করবে। এ ব্যাংক দুটি অন্তত হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে আশা আইসিবির।

এ বিনিয়োগের বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান বলেন, বন্ডের সুদহার ৯ শতাংশ এবং মেয়াদ সাত বছর, যা দীর্ঘমেয়াদে নিরাপদ বিনিয়োগের জন্য বেশ আকর্ষণীয়। বন্ডটির অর্থ শেয়ারবাজারের স্থিতিশীলতার স্বার্থে ব্যবহার হবে। এ দুই কারণেই বন্ডটিতে বিনিয়োগে করছে ডিএসই।

শুরুতে শেয়ারবাজার এবং দেশের বড় অবকাঠামো উন্নয়নের সরকারি প্রকল্পে বিনিয়োগের উদ্দেশ্যে এ বন্ড বিক্রির পরিকল্পনা করলেও জাতীয় নির্বাচন ঘিরে শেয়ারবাজারে অস্থিরতা সৃষ্টি হলে বন্ডের পুরো অর্থ সেকেন্ডারি শেয়ারবাজারে বিনিয়োগের দাবি ওঠে। এরপর বন্ডের অন্তত ৭৫ শতাংশ সেকেন্ডারি শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত দেয় বিএসইসি।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ছানাউল হক জানিয়েছেন, অগ্রণী ব্যাংকের টাকা পাওয়ার পরই নতুন করে বিনিয়োগ শুরু করা হয়েছে। গত বুধ থেকে রোববার পর্যন্ত বাজারকে ঊর্ধ্বমুখী করতে তাদের বিনিয়োগ বড় ভূমিকা রেখেছে বলে দাবি তার।

ছানাউল হক বলেন, দেশের অর্থনীতিসহ অন্যান্য সব ক্ষেত্র স্থিতিশীল। তারপরও নানা ইস্যুতে মাঝেমধ্যে শেয়ারবাজারে অস্থিরতা দেখা যায় এবং দরপতন হয়। এমন বিনিয়োগ বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখাই আইসিবির বন্ড বিক্রির প্রধান উদ্দেশ্য।

তিনি আরও বলেন, বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য। ভবিষ্যতে শেয়ারবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে এবং সাধারণ বিনিয়োগকারীদের থেকে অর্থ সংগ্রহে আরও একটি বন্ড ইস্যুর পরিকল্পনা আছে তাদের। ওই বন্ডের কিছু অংশ শেয়ারেও রূপান্তরযোগ্য করা হবে বলে জানান তিনি।

(এসএএম/ ১৩ নভেম্বর ২০১৮)