Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 10:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের সাত হাজার ৪১০টি কেন্দ্রে আজ থেকে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।এতে অংশ নিয়েছে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী।

প্রথম দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি বিষয়ের পরীক্ষায় বসেছে পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীরা, পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

এবার প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন এবং ইবতেদায়িতে তিন লাখ ১৭ হাজার ৮৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ বছর ছাত্রদের থেকে দুই লাখ ১৯ হাজার ৭৮৬ জন বেশি ছাত্রী সমাপনীতে বসবে।

এ বছর তিন হাজার ২৯৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী পঞ্চমের সমাপনীতে অংশ নিচ্ছে, এরা পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।

বাংলাদেশের বাইরে বিদেশের ১২টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়িতে এই পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।

প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল দেওয়া হচ্ছে।

আগে এই পরীক্ষার সময় দুই ঘণ্টা থাকলেও ২০১৩ সাল থেকে আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।

প্রশ্ন ফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্ন ছাপিয়ে প্রাথমিক ও ইবেতেদায়ি শিক্ষা সমাপনী নিচ্ছে সরকার।

অন্যবারের মতো এবারও দুর্গম এলাকার ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় আগেই প্রশ্নপত্র পাঠানো হয়েছে জানিয়ে গণশিক্ষামন্ত্রী বলেছেন, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে ন্যূনতম অবহেলা বা অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

প্রাথমিক সমাপনীর সূচি

১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা।

ইবতেদায়ি সমাপনীর সূচি

১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর কোরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ।

(কেএইচকে / ১৮ নভেম্বর ২০১৮)