Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 15:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়ে ১০ বছর করা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করেছেন খালেদার আইনজীবী।

সোমবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় (অ্যাডভেকেট অন রেকর্ড) আইনজীবী জয়নুল আবেদীন তুহিন এই আবেদন করেন।

একই সঙ্গে রায়ের দণ্ড স্থগিত ও জামিন আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে গত ৩০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিচারিক আদালতে দেয়া ৫ বছরের সাজা থেকে বাড়িয়ে ১০ বছর করে রায় ঘোষণা করেন।

২৯ অক্টোবর রাষ্ট্র, দুদক ও আসামিপক্ষের শুনানি শেষ করা হয়। পরে মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

দুর্নীতির আরেক মামলায় (জিয়া চ্যারিটেবল ট্রাস্ট) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই মামলার দণ্ড থেকে খালাস চেয়ে (১৮ নভেম্বর) আপিল করা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ রায় দেন। রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

রায়ে খালেদা জিয়াসহ ছয় আসামির সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ডের টাকা প্রত্যেককে সমঅঙ্কে প্রদান করার কথা বলা হয়।

(এমআইআর/ ১৯ নভেম্বর ২০১৮)