
বিনিয়োগবার্তা ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যক্তিগত পারফরমেন্সের নতুন র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।আর এই শীর্ষ পাঁচ অলরাউন্ডারের তালিকায় রয়েছে দুই বাংলাদেশি সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
সোমবার প্রকাশিত এই তালিকায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া-ভারত সিরিজ দুটির প্রভাব পড়েছে দৃশ্যমানভাবে।
বোলারদের তালিকায় প্রথমবারের মত শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার কূলদ্বীপ যাদব ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার সুবাদে ২০ ধাপ উত্থান ঘটে তৃতীয় স্থানে থাকা কূলদ্বীপ যাদবের। আর ১৭ ধাপ এগিয়ে অ্যাডাম জাম্পার রয়েছেন তালিকার পঞ্চম স্থানে।
এদিকে ব্যাটসম্যানদের র্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। শীর্ষে যথারীতি পাকিস্তানি বাবর আযম থাকলেও এক ধাপ উত্থানে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার কলিন মুনরো, যার ফলে এক ধাপ অবনমন ঘটেছে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের।এক ধাপ উত্থানে পাকিস্তানের ফখর জামান পঞ্চম থেকে চতুর্থ স্থানে এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ষষ্ঠ থেকে সেরা পাঁচে উঠে এসেছেন।
বোলার ও ব্যাটসম্যানদের শীর্ষ ৫ জনের তালিকায় কোনো বাংলাদেশির নাম না থাকলেও শীর্ষ অলরাউন্ডারের তালিকায় রয়েছেন দুই টাইগার।
যথারীতি শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, তার পরের অবস্থানে আফগানিস্তানের মোহাম্মদ নবী। বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান রয়েছেন তৃতীয় স্থানে। শীর্ষ তিন অলরাউন্ডারের সবার রেটিং পয়েন্টই ৩০০-র উপরে। তালিকার শীর্ষ পাঁচে রয়েছেন আরও এক বাংলাদেশি। চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনির পর সমান রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান ভাগাভাগি করেছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা।
(কেএইচকে / ২৭ নভেম্বর ২০১৮)