Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 09:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) সার্টিফিকেশন কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের জন্য প্রথমবারের মতো ‘সনদপত্র সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে আগামীকাল ২৯ নভেম্বর বৃহস্পতিবার।

বিআইবিএম পরিচালিত ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম)’; ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম)’ এবং ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ট্রেড সার্ভিসেস ( সিইটিএস)’ এই তিনটি কোর্সের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ৮১ জন প্রশিক্ষণার্থী অনুষ্ঠানে সনদপত্র গ্রহণ করবেন।

বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র প্রদান করবেন। এ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেডের পক্ষে সেরিমনিয়াল বক্তব্য প্রদান করবেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআইবিএম এর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধূরী।

মুডি’স এ্যানালিটিকসের পক্ষ থেকে বক্তব্য রাখবেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আরি লিহাবি।

উল্লেখ্য, সুবিখ্যাত মুডি এ্যানালিটিকস এর সাথে অচিরেই যৌথ সাটিফিকেশন কোর্স চালু করতে যাচ্ছে বিআইবিএম।

উল্লেখ্য, ২০১৫ সালে বিআইবিএম জার্মানীর ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স এন্ড ম্যানেজমেন্ট এর সাথে যৌথভাবে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম)’ কোর্স চালু করে। পরবতীতে বিআইবিএম সার্টিফিকেশন কোর্সের পরিসর বৃদ্ধি করে ঋণ ব্যবস্থাপনা এবং বৈদেশিক বাণিজ্য বিষয়ে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম) এবং ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ট্রেড সার্ভিসেস (সিইটিএস)’  নামে দুটি সার্টিফিকেশন কোর্স চালু করেছে।

এ বিষয়ে বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ) এবং সার্টিফিকেটশন প্রোগ্রামের পরিচালক ড. শাহ মোঃ আহসান হাবীব বলেন, বিআইবিএম এ সার্টিফিকেশন কোর্স চালু করার প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের ব্যাংকিং খাতে কর্মরত ব্যাংকারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমসাময়িক ব্যাংকিং ব্যবস্থা এবং এ সর্ম্পকিত বৈশ্বিক ভাবনার সাথে তাদের পরিচিত করা। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য  প্রয়োজনীয় এবং কিছু কিছু স্পর্শকাতর বিষয় যেমন-ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক খাতে অনিয়ম, মানি লন্ডারিং, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন, ই-ব্যাংকিং এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কিত নিরাপত্তা এবং ক্ষুদ্র ও মাঝারী খাত ইত্যাদি প্রশিক্ষণের ক্ষেত্রে প্রাধান্য পেতে শুরু করেছে। বিআইবিএম অনলাইন এবং অন ক্যাম্পাস মডিউলের সমন্বয়ে সার্টিফিকেশন কোর্স চালু করেছে। এর ফলে ব্যাংক কর্মকর্তাদের মধ্যমেয়াদী প্রশিক্ষণ গ্রহণের পথ সুগম হচ্ছে।

একই অনুষ্ঠানে ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন এন্টি মানি লন্ডারিং এন্ড ফাইন্যান্সিয়াল ক্রাইম (সিইএএফ); ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন ই-ব্যাংকিং (সিইইবি)’; ‘মুডি’স বিআইবিএম জয়েন্ট সার্টিফিকেট ইন কমার্শিয়াল ক্রেডিট (এমবিসিআইসিসি)’ এবং  ‘মুডি’স বিআইবিএম জয়েন্ট সার্টিফিকেট ইন এসএমই ক্রেডিট (এমবিসিআইএসএমইসি)’ শীর্ষক চারটি কোর্সেরও উদ্বোধন করা হবে। বিআইবিএম পরিচালিতএই সার্টিফিকেশন কোর্সগুলো বাংলাদেশের ব্যাংকিং খাতে বিশেষায়িত সেবা প্রদানের জন্য দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

(এসএএম/ ২৮ নভেম্বর ২০১৮)