Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jul 2026 03:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বীমা শিল্পের উন্নয়নে আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে আয়কর হার কমানোর প্রস্তাব করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। আয়কর হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করে বীমা খাতের এই সংগঠনটি।

রোববার জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক, বীমা, লিজিং কোম্পানি, এসএমই ফাউন্ডেশন) এর সাথে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব করা হয়। বিআইএর নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এসময় উপস্থিত ছিলেন। আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

নাসির উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন কারণে দেশের বীমা শিল্প অবহেলিত রয়ে গেছে। উন্নত বিশ্বে অর্থনৈতিক উন্নয়নে বীমা শিল্পের গুরুত্ব অপরিসীম। তাই বীমা শিল্পের উন্নয়ন ও বীমাকে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে আয়কর হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা যেতে পারে।
বীমা শিল্পে কর্মরত এজেন্টদের করমুক্ত আয়ের সীমার মধ্যে আনার প্রস্তাব করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বীমা শিল্পে কর্মরত এজেন্টদের প্রাপ্য কমিশনের উপর ৫ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান রয়েছে। বীমা শিল্পের উন্নয়নে এই কর কর্তন করা যেতে পারে।

সংগঠনটির লিখিত প্রস্তাবে বলা হয়, সম্প্রতি  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হতে বীমা কোম্পানি সমূহের লাইসেন্স নবায়ন করার ক্ষেত্রে প্রদেয় ফি এর উপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। যা ইতোপূর্বে দেয়ার বিধান ছিল না। এ বিষয়ে পূর্বে কখনো বলাও হয়নি। তাই বিষয়টি বিবেচনা করে মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদানের অনুরোধ করা হয়।

প্রাক বাজেট আলোচনায় এনবিআর কর্মকর্তাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

 

(ইউএম/ ৯ এপ্রিল ২০১৭)