
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ শহরতলীর শিকারীকান্দা সংলগ্ন জামতলায় কাভার্ডভ্যান চাপায় চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, নিহতরা হলেন, কৃষক জাকির হোসেন, দিনমজুর আব্দুল খালেক ও শহীদ। আরেকজনের পরিচয় জানা যায়নি। জাকির ও অজ্ঞাত একজন ঘটনাস্থল এবং খালেক ও শহীদকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত খালেকের বাড়ি ধোবাউড়া উপজেলার গোয়াতলা ও শহীদের বাড়ি তারাকান্দা উপজেলায়।
জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রহমান জানান, সকালে চারজন শ্রমিক মহাসড়কের পাশ দিয়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জাকির ও খালেক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
(কেএইচকে / ১৩ ডিসেম্বর ২০১৮)