
নরসিংদীপ্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী-২ শিবপুরে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জহিরুল হক মোহনের উপস্থিতিতে নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগ করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমন সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।
মঙ্গলবার সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
সিরাজুল ইসলাম মোল্লা বলেন, ‘সোমবার রাতে আওয়ামী দলীয় নৌকা প্রতীক নিয়ে অংশ নেওয়া জহিরুল হক মোহন শিবপুর নির্বাচনী এলাকার দুলালপুর ইউনিয়নে গণসংযোগকালে পাড়াতলী বাজারের আমার সিংহ প্রতীকের দুটি নিবাচনী ক্যাম্প ভাংচুর করে তার সাথে থাকা কর্মী সমর্থকরা। তার উপস্থিতিতে এ ভাংচুরের ঘটনায় তিনি তাদেরকে বাধা না দিয়ে বরং উৎসাহ প্রদান করেন। এছাড়াও তার সমর্থকরা গত রাতে বিসিক শিল্প এলাকায় দুটি এবং আজ দুপুরে কামরাব বৈতাগী এলাকায় আরও একটি ক্যাম্প ভাংচুর করে। শুধূ তাই নয় তিনি প্রতিহিংসা পরায়ন হয়ে দুলালপুরের শিমুলিয়া বৈচার বাজার এলাকায় দশবছর বয়সী এক শিশুর হাতে আমার সিংহ প্রতীকের পোস্টার থাকায় নিজে তা ছিনিয়ে নেন এবং তার গালে এক চড় বসিয়ে দেন। যা অমানবিক ও নির্দয় আচরনের বহি:প্রকাশ। আমি মনে করি আওয়ামী লীগ দলীয় প্রার্থীর এ ধরনের আচরনে শিবপুরে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘিত হচ্ছে।’
তিনি আওয়ামী লীগ প্রাথীকে উদ্দেশ্য করে বলেন, এত জনপ্রিয়তা থাকলে প্রতিপক্ষের প্রচারনায় বাধা না দিয়ে ক্যাম্প ভাংচুর না করে ভোটের মাঠে লড়াইয়ে আসুন। ৩০ তারিখে তার প্রমান হয়ে যাবে।
অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জহিরুল হক মোহনের সাথে স্বাক্ষাৎ করে তার মতামত জানতে চাইলে, তিনি এ বিষয়ে কোন কথা বলবেন না বলে জানান।
(এসএইচআর/এসএএম/ ১৮ ডিসেম্বর ২০১৮)