
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াৎ হোসেন বকুলকে নির্বাচনী প্রচারণায় মাঠে নামতে না দিয়ে এক প্রকার গৃহবন্দি করে রাখার অভিযোগ করেছে বিএনপি।
বুধবার বিকেলে মনোহরদীর চালাকচর ইউনিয়নের বাড়িতে সমকালকে দেওয়া স্বাক্ষাতকারে বিএনপি প্রার্থী সরদার সাখাওয়াৎ হোসেন বকুল ও স্থানীয় নেতাকর্মীরা এ অভিযোগ করেন।
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন,‘১০ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে ধানের শীষের পক্ষে, মাইকিং, গণসংযোগ, উঠান বৈঠক, সভা সমাবেশে বাধা সৃষ্টি করে প্রচার কাজ ব্যাহত করছে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পালিত সন্ত্রাসী বাহিনী। বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে গেলে তাদের উপর হামলা করা হচ্ছে। এছাড়াও পুলিশি গ্রেফতারতো রয়েছেই। গত ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মনোহরদী উপজেলার হেতেমদী বাসষ্ট্যান্ড এলাকায় নির্বাচনী উঠান বৈঠক করার সময় নৌকার প্রার্থী নূরুল মজিদ মাহমুদ হুমায়নের পুত্র সাদি ও চন্দনবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মনিরসহ ১০/১২ জন সন্ত্রাসী ৩টি কালো রংয়ের হাইয়েচ গাড়ীতে করে এসে হাতে রামদা নিয়ে বৈঠকের পিছন দিক দিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের এলোপাতাড়ি কোপাতে থাকে। আকস্মিক হামলায় বৈঠকে উপস্থিত লোকজন প্রাণের ভয়ে ছুটে পালাতে থাকে। এসময় আমার ৫ জন সমর্থক মারাত্মক ভাবে আহত হয়। তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেল ও একজন ভাগলপুর জহিরুল হক মেডিকেল কলেজে এখনও চিকিৎসাধী রয়েছে। শুধু তাই নয় বৈঠকে আসা আমার কর্মী সমর্থকদের ৯টি মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং নির্বাচনী কাজে ব্যবহৃত ৩ টি প্রাইভেট কার ভাংচুর করে সন্ত্রাসী বাহিনী। এখবর বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে তারা আরো বেশী ক্ষিপ্ত হয়ে উঠে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বিএনপি নেতাকর্মীদের রাস্তায় দেখলেই মারধোর শুরু করে। ধানের শীষের পক্ষে প্রচার কাজে ব্যবহৃত মাইক ভাংচুর করে। পুরো নির্বাচনী এলাকায় ধানের শীষের পোস্টার ছিড়ে তা পুড়িয়ে ফেলা হচ্ছে। বাড়ী বাড়ী গিয়ে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করছে।
তিনি বলেন, নৌকার প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে বেলাব-মনোহরদীতে ৫ জানুয়ারীর মত আর একটি প্রহসনের নির্বাচন করার চেষ্টায় বিএনপি নেতা কর্মীদের উপর মরন কামড় বসাচ্ছে। নৌকার প্রার্থী জানেন তার জনপ্রিয়তা এখন শূণ্যের কোটায়। তার দূর্নীতি ও স্বজন প্রীতির কারণে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও মুখ ফিরিয়ে নিয়েছে। তার মনোনয়ন বাতিলের দাবীতে আন্দোলনে নামে স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা। সেই আন্দোলন ধাবিয়ে রাখতে আন্দোলনকারীদের উপর হামলা চালায় তার পুত্র সাদির নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী এসময় আন্দোলনকারীদের উপর গুলিও চালায় সাদি।
তিনি আরও বলেন, ‘আমি আমার অভিযোগ গুলো মৌখিকভাবে জানাতে রিটার্র্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা নরসিংদী জেলা প্রশাসকের মোবাইলে ফোন করলেও দীর্ঘক্ষণ বাজার পরও তিনি ফোন ধরেন না। থানায় ফোন করলে তারা যেন সবেমাত্র ঘুম থেকে উঠেছে এমন ভাব করে। এ অবস্থা চলতে থাকলে, যদি আমি নির্বাচনী প্রচারণায় বের হতে না পারি, তবে আমি আমার নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবো। এ ক্ষেত্রে কিছু হলে সব দায় দায়িত্ব প্রশাসনকেই বহন করতে হবে।’
উল্লেখ্য, সরদার শাখাওয়াৎ হোসেন বকুল নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। একজন জনপ্রিয় নেতা হিসেবে এলাকায় তার ব্যাপক গ্রহনযোগ্যতা রয়েছে।
(এসএইচআর/এসএএম/ ২০ ডিসেম্বর ২০১৮)