Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 17:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মোবাইল অ্যাপ ব্যবহার করে শেয়ার কেনা বেচায় ফি নির্ধারণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

গতকাল রোববার (২৩ ডিসেম্বর) স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদের সভায় এখনই ডিএসই মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে অ্যাপটি ব্যবহারে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্লেক্সট্রেডকে প্রতি ব্যবহারকারীর জন্য মাসিকভিত্তিতে এক ডলার পরিশোধ করতে হবে। এর সঙ্গে ২০ শতাংশ করও ডিএসইকে পরিশোধ করতে হবে। আপাতত ডিএসই ভর্তুকি হিসেবে এ ফি দেবে। অ্যাপটির ব্যবহারকারী এক লাখ ছাড়ানোর পর ফি আরোপের বিষয়টি বিবেচনায় নেবে পর্ষদ।

এর আগে গত বুধবার ডিএসই সব ব্রোকারকে এক চিঠিতে ডিএসই মোবাইল অ্যাপ প্রত্যেক ব্যবহারকারীকে মাসিক ১৫০ টাকা ফি নির্ধারণ করে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যবহারকারীরা বিনামূল্যে এ সেবা পাবেন। কিন্তু ১ জানুয়ারি থেকে অ্যাপটি ব্যবহারে মাসিক ১৫০ টাকা হারে ফি দিতে হবে।

বর্তমানে ডিএসই-মোবাইল নামের অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রায় ৪১ হাজার বিনিয়োগকারী নিজেই স্মার্টফোন ব্যবহার করে শেয়ার কেনাবেচা করছেন অথবা শেয়ার লেনদেনের তাৎক্ষনিক তথ্য জানতে পারছেন। 

‘ডিএসই মোবাইল’ অ্যাপের প্রস্তুতকারক ফ্লেক্সট্রেড ডিএসইর সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী গত মার্চ থেকে মাসিক ভিত্তিতে গ্রাহকপ্রতি এক ডলার হারে বিল করেছে। গত সেপ্টেম্বর পর্যন্ত ৪১ হাজার ডলার বিল এসেছে। এখন প্রতি মাসে প্রায় ৪১ হাজার ডলার করে বিল দিতে হবে। এ বিষয়ে এখনই ফি না নিতে প্রতিষ্ঠানটির সঙ্গে নানা দেনদরবার করলেও তারা রাজি হয়নি। এমন প্রেক্ষাপটে আর্থিক ক্ষতি এড়াতে ডিএসইর ব্যবস্থাপনা বিভাগ ফি ধার্যের সিদ্ধান্ত নিয়েছিল।

বর্তমানে এই অ্যাপ্লিকেশনের তিনটি ভার্সন রয়েছে। একটি হলো- ডিএসই মোবাইল-ভিআইপি। এ ভার্সনের মাধ্যমে ব্যবহারকারী তার পোর্টফোলিওসহ লাইভ শেয়ার কেনাবেচা দেখতে পারেন। দ্বিতীয়টি ডিএসই মোবাইল-ট্রেডার। এটির মাধ্যমে ব্যবহারকারী সব তথ্য দেখার পাশাপাশি নিজে শেয়ার কেনাবেচারও অর্ডারও দিতে পারেন। তৃতীয়টি ডিএসই মোবাইল-ইনভেস্টটর। এ ভার্সন ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহারের জন্য।

(ইএইচ / ২৪ ডিসেম্বর ২০১৮)