
শরীয়তপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ওপর হামলা করেছে দুবৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক নেতাকর্মী।
প্রতক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নুরুদ্দিন নেতাকর্মীদের নিয়ে গোসাইরহাট উপজেলার কুদালপুর থেকে মিছিল করে উপজেলা সদরে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে মিছিলটি সদরের পট্টি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা লাঠি নিয়ে হামলা চালায়। এতে নুরুদ্দিন মাথা ও ঘাড়ে আঘাত পান। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কুদালপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকেন্দ্রে নিয়ে আসেন। হামলার ঘটনায় ওই এলাকায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়। লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
(এনজেড/এসএএম/ ২৪ ডিসেম্বর ২০১৮)