
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: তথ্য প্রযুক্তির এই যুগে ব্যাংকিং সেক্টরে আগামী দিনের পরিবর্তন ও চ্যালেঞ্জ উত্তরণে বিকল্প ব্যাংকিং ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তাদেরকে নির্দেশ দেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান। আর্থিক অনন্তর্ভূক্তিকরণের লক্ষ্যে এমক্যাশ, খিদমাহ কার্ড ও এজেন্ট ব্যাংকিংসহ আধুনিক ব্যাংকিং চ্যানেলসমূহকে আরও জনপ্রিয় করারও আহবান জানিয়েছেন তিনি।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশন গতকাল রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ,এফসিএমএ এবং অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরএফসিএ, মো. জয়নাল আবেদীন, সৈয়দ আবু আসাদ ও মো: কামরুল হাসান উপস্থিত ছিলেন।
ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ এর সাথে একাত্ম হয়ে এবং দেশের জাতীয় উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ইসলামী ব্যাংক ব্যবসায় পরিচালনা করছে। দেশের জিডিপি-তে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন,এই ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: মাহবুব উল আলম সভাপতির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক অত্যন্ত দক্ষ ও যোগ্য পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে নেতৃত্ব দিচ্ছে ইসলামী ব্যাংক। এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, বিশ্বমঞ্চে এ ব্যাংক একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর পেছনে রয়েছে সকল জনশক্তির অদম্য পরিশ্রম।
(এসএএম/ ১৪ জানুয়ারি ২০১৯)