Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Jul 2026 12:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই বছরের কারাদন্ডপ্রাপ্ত সাবেক দুই আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদার আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়।

আদালতে দন্ডপ্রাপ্ত আসামীদের পক্ষে ছিলেন আইনজীবী আরশাদুর রউফ ও জামিলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।

আইনজীবী জামিলুর রহমান সাংবাদিকদের বলেন, আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছে। এ আসামীরা কাশিমপুর কারাগারে আছেন। এ আদেশের ফলে ওনাদের জামিনে কারামুক্তিতে বাধা নেই।

সহকারী এটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ বলেন, এ আসামীরা ১৪ মাস সাজা খেটে ফেলেছেন। এই যুক্তিতে জামিন দিয়েছেন। তবে এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠিত আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ নৃশংস ও বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনায় আনা মামলায় গত বছর ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদন্ড দেয় বিচারিক আদালত। একইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে অপর ১১ আসামিকে।

(এমআইআর/ ২১ জানুয়ারি ২০১৯)