Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 08:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  লুব্রিক্যান্টস ও ট্রান্সফরমার অয়েল উৎপাদনে নতুন দুটি প্রযুক্তি বাংলাদেশে এনেছে দেশের অন্যতম কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। ন্যানো ও নিনাস নামে পরিবেশবান্ধব প্রযুক্তি দুটি যথাক্রমে ট্রান্সফরমার ও ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়াতে সক্ষম। এ প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে এটিই প্রথম বলে দাবি উদ্যোক্তাদের।

বিএনও ব্র্যান্ড বাজারজাত করা এ কোম্পানিটি সুইডেনের ট্রান্সফরমার তেল প্রযুক্তি ‘নিনাস’ ও ফিনল্যান্ড থেকে ‘ন্যানো’ প্রযুক্তি ইঞ্জিন লুব্রিক্যান্টস চালু করেছে।

গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড আয়োজিত ‘বাংলাদেশের লুব্রিক্যান্ট এবং বিদ্যুৎ খাতে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তি’বিষয়ক সেমিনারে প্রযুক্তি দুটির উদ্বোধন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত চারলোটা স্কালাইটার, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হোসাইন। লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে এ খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান কাজী মো: আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতি ক্রমেই বিকশিত হচ্ছে। ২০৪১ সালের মধ্যে এ দেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান উৎপাদন ও চাহিদা বৃদ্ধির কারণে এ-সংক্রান্ত লুব অয়েলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

লুব-রেফ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, দেশে শিল্প-কারখানা স্থাপনের হার বাড়ছে।  এ খাতের চাহিদার কথা বিবেচনা করে নতুন প্রযুক্তি দুটি নিয়ে এসেছি। এটি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী, যা ৫০ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। এটি পুনঃব্যবহারযোগ্য বলেও তিনি জানান।

(এসএএম/ ২১ জানুয়ারি ২০১৯)