Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 18:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি অটোকারস ও লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার নিয়ে কারসাজির দায়ে ৩ প্রতিষ্ঠান ও ১ ব্যক্তিকে মোট ৫ কোটি ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মঙ্গলবার কমিশনের ৬৭৩তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ শেয়ারটি নিয়ে জরিমানার কবলে পড়েছে- আব্দুল কাউয়ুম অ্যান্ড এসোসিয়েটস, মঈনুল হক খান অ্যান্ড এসোসিয়েটস, আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটস ও মাহফুজ আলম।

কোম্পানি ২টির শেয়ার নিয়ে কারসাজির কারনে আব্দুল কাউয়ুম অ্যান্ড এসোসিয়েটসকে ২ কোটি টকা, মঈনুল হক খান অ্যান্ড এসোসিয়েটসকে ১০ লাখ টাকা, আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটসকে ২ কোটি টাকা ও মাহফুজ আলমকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বিডি অটোকারসের শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রেখেছে আব্দুল কাউয়ুম অ্যান্ড এসোসিয়েটস, মঈনুল হক খান অ্যান্ড এসোসিয়েটস, আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটস ও মাহফুজ আলম। এছাড়া লিগ্যাসি ফুটওয়্যারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রেখেছে আব্দুল কাউয়ুম অ্যান্ড এসোসিয়েটস ও আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটস। এক্ষেত্রে তারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৭ (ই)(ভি) ভঙ্গ করেছে।

এদিকে আজিমুল ইসলাম অ্যান্ড এসোসিয়েটস কোম্পানি ২টির মোট শেয়ারের ১০ শতাংশের বেশি অধিগ্রহণের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(১) ভঙ্গ করেছে।

কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট : প্রতিষ্ঠানটি বিডি অটোকারস ও লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার লেনদেনে যথাযথ তদারকি না করে, বরং পরোক্ষভাবে সিরিজ লেনদেনে সহয়তার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৭ (ই)(ভি), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর আচরনবিধির (দ্বিতীয় তফসিল) ৬, ৭ ও ৮ ভঙ্গ করেছে।

(এসএএম/ ২৩ জানুয়ারি ২০১৯)