Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 06:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) বা সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় চলতি বছর ৩ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ সৃষ্টি করা আমাদের জাতীয় কর্তব্য। সরকারের একার পক্ষে এ বিশাল দায়িত্ব পালন করা দুরূহ ব্যাপার। তাই সরকারের পাশাপাশি সব বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিবিশেষকে এগিয়ে আসতে হবে। তাহলে সরকার নতুনভাবে উজ্জীবিত হবে।

তিনি ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ব্যাংকের অন্যান্য সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের কথা উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত গঠনে এই অনন্য চেষ্টার জন্য ডাচ-বাংলা ব্যাংকের প্রশংসা করেন এবং এই উদ্যোগ দেশের মানবসম্পদ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানান।

সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ বলেন, ডাচ-বাংলা ব্যাংক যখন জানতে পারলো অর্থের অভাবে অসংখ্য শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ থেকে বঞ্চিত, তখনই ব্যাংক এই শিক্ষাবৃত্তি চালু করেছিল। মেধাবী হওয়া সত্ত্বেও অর্থনৈতিক, ভৌগলিক এবং সামাজিক কারণে এই সব শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণ করতে পারছে না। মেধায় তাদের কমতি নেই, কিন্তু আর্থিক সঙ্কটের জন্য মেধাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে না তারা।

তিনি আরও বলেন, এই অনুষ্ঠান ভবিষ্যতে তাদেরকে আরও ভাল কিছু করার প্রেরণা ও উৎসাহ যোগাবে। ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য তিনি মন্ত্রী, গভর্ণর এবং সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীদের অভিন্দন জানান এবং আগত সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

সামাজিক কল্যাণ কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে এ পর্যন্ত মোট ৫৭ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী ডাচ-বাংলা ব্যাংকের বৃত্তির সুযোগ পেয়েছে বলে জানায় আয়োজকরা।

(এসএএম/ ০৩ ফেব্রুয়ারি ২০১৯)