Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 12:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা বহুজাতিক কোম্পানিগুলো এখন থেকে বন্ড ছেড়ে স্থানীয় মুদ্রায় তহবিল সংগ্রহ করতে পারবে। এছাড়া কমার্শিয়াল পেপার ছেড়েও এসব উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারবে প্রতিষ্ঠানগুলো।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়, এখন থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নিয়ে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশি মুদ্রায় ইস্যু করা বন্ড দেশে বসবাসকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কিনতে পারবে। আগেও এসব প্রতিষ্ঠান বন্ড ছেড়ে তহবিল সংগ্রহ করতে পারত, তবে তা শর্তসাপেক্ষে শুধু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিনতে পারত।

গত মাসে আরেকটি নির্দেশনায় বাংলাদেশে অবস্থিত বিদেশি মালিকানাধীন অথবা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে কমার্শিয়াল পেপার (সিপি) ইস্যু করে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে চলতি মূলধন সংগ্রহ করার সুযোগ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

কমার্শিয়াল পেপারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সাতদিন থেকে সর্বোচ্চ এক বছর মেয়াদে তহবিল নিতে পারবে। আর বন্ডের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো এক বছরের বেশি অর্থাৎ দীর্ঘ মেয়াদে তহবিল নিতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশি কোম্পানিগুলোকে এ সুযোগ দেওয়ায় স্থানীয় বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।

(এসএএম/ ১৩ এপ্রিল ২০১৭)