Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 12:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রথম শ্রেণির জাতীয় ক্রিকেট লিগ ও পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে স্পন্সরের পর এবার ওয়ালটন হাত বাড়িয়ে দিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আয়োজনে প্রথবারের মতো প্রিমিয়ার লিগের ১২ দল নিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

টি-টোয়েন্টি টুর্নামেন্টেরও স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ।

রোববার আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, মডেল গ্রুপের পরিচালক কানাই লাল সরকার ও গাজী টেলিভিশনের পরিচালক আরমান আশরাফ ফয়েজ।

শুরুতে ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সোমবার থেকে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি শুরু করতে যাচ্ছি। ঢাকা প্রিমিয়ার লিগের পর ওয়ালটন গ্রুপ টি-টোয়েন্টির স্পন্সর হয়েছে। আমরা এর আগেও টুর্নামেন্ট করতে চেয়েছিলাম। নানা জটিলতায় পারিনি। এবার সেই সুযোগটি পেয়েছি। আশা করছি আগামীতেও আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’

ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কিন্তু র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ অনেকটা পিছিয়ে এবং আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপকে সামনে রেখে প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি টুর্নামেন্ট যুক্ত হতে যাচ্ছে। এটা সময়োপযোগী ও চমৎকার উদ্যোগ বিসিবির। সে জন্য বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের পাশে ওয়ালটন থাকতে পেরে আনন্দিত। আমরা আগেই বলেছি, বিসিবির যেকোনো ভালো উদ্যোগের পাশে ওয়ালটন গ্রুপ আছে এবং আগামীতেও থাকবে।’

প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে মিডিয়া পার্টনার গাজী টেলিভিশন। গাজী টেলিভিশনের পরিচালক আরমান আশরাফ ফয়েজ নিজের বক্তব্যে বলেন, ‘ঘরোয়া ক্রিকেট টিভির পর্দায় নিয়ে যাওয়া অনেক চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল। আমরা এবার সেই চ্যালেঞ্জটি নিয়েছি। দেশীয় কলাকুশলীদের নিয়ে আমরা এবার তিনটি ম্যাচ টিভিতে সরাসরি দেখাব। ভুলত্রুটি হলে ক্ষমা করবেন। সামনে কিভাবে আরও ভালোভাবে এ টুর্নামেন্ট টিভিতে দেখানো যায় সেই পরামর্শও সবার থেকে চাইব।’

টুর্নামেন্টের সহযোগী স্পন্সর হিসেবে আছে মডেল গ্রুপ। পরিচালক কানাই লাল সরকার বলেছেন, ‘আমরা প্রথমবারের মতো ক্রিকেটে স্পন্সর হিসেবে এসেছি। আশা করছি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব। বিসিবি সুযোগ দিলে অবশ্যই আমরা ক্রিকেটের সঙ্গে থাকব।’

সোমবার এ টুর্নামেন্টের পর্দা উঠবে। টানা তিন দিন গ্রুপ পর্বের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১ মার্চ হবে দুটি সেমিফাইনাল। ৩ মার্চ দিবারাত্রির ফাইনাল ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলায়।

(এসএএম/ ২৫ ফেব্রুয়ারি ২০১৯)