Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 03:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা’-এই স্লোগান নিয়ে আগামী মার্চ মাসে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বীমা মেলা।  আগামী ১৫ ও ১৬ মার্চ বন্দরনগরী চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ বীমা মেলা। দু’দিনের মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করছে।

আইডিআরএ সূত্র এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে গত ফেব্রুয়ারী মাসে বীমা মেলাটি হওয়ার কথা ছিল। কিন্তু ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন, জানুয়ারিতে বাণিজ্য মেলা ও ফেব্রুয়ারিতে বই মেলা থাকায় ২০১৮ সালের বীমা মেলা ২০১৯ সালের মার্চে আয়োজন করা হয়েছে। এ মেলায় সব বীমা কোম্পানির অংশগ্রহণ বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে আইডিআরএ।

এর আগে ২০১৬ সালে ঢাকায় এবং ২০১৭ সালে সিলেটে বীমা মেলার আয়োজন করে আইডিআরএ।

উল্লেখ্য, দেশের অর্থনীতিতে বীমা খাতের অবদান বাড়াতে নতুন নতুন অনেক উদ্যোগ নিচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। তারই প্রেক্ষিতে সংস্থাটি এবারের মেলায় সেরা দাবী পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দিবে। যে সকল বীমা কোম্পানি গ্রাহকদের প্রকাশ্যে দাবী পরিশোধ করেছে। সর্বোচ্চ দাবী পরিশোধকারী প্রতিষ্ঠানগুলো থেকে বাছাই করে এ পুরস্কার দিবে আইডিআরএ।

জানা গেছে, ইতোমধ্যে সংস্থাটির নির্বাহী পরিচালক খলিল আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বীমা কোম্পানিগুলো প্রকাশ্যে মোট কতো টাকার চেক বিতরণ করেছে সে তথ্য আগামী দুই কার্যদিবসের মধ্যে আইডিআরএ’র নিকট পাঠাতে হবে।

মো. শফিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে বর্তমানে আইডিআরএ’র সদস্য হিসেবে রয়েছে সাবেক অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন এবং ড. মোশাররফ হোসেন, এফসিএ।

(এসএএম/ ০২ মার্চ ২০১৯)