Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 02:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কারাবন্দি বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন যখন অন্তরীণ হলেন তখন আমরা তাকে জেল কোড অনুযায়ী যা যা করার সর্বোচ্চ ব্যবস্থা করেছি। আমরা তাকে বিএসএমএমইউতে পাঠিয়েছিলাম, হাসপাতাল রিলিজ করলে আমরা নিয়ে আসি। আপনারা এও জানেন, হাইকোর্টের মাধ্যমে একটি বোর্ড করে দেয়া হয়েছিল, এই বোর্ড তার চিকিৎসায় সব ধরনের খোঁজ-খবর রাখবে এবং ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘এই বোর্ড গত ২৪ ফেব্রুয়ারি কারাগারে তাকে (খালেদা জিয়া) ভিজিট করেছে এবং তারা কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছেন। পরীক্ষা-নীরিক্ষার জন্য তাকে আবারও বিএসএমএমইউতে পাঠানোর কথা বলেছেন। ওখানে এই পরীক্ষাগুলো করার জন্য বলেছেন।’

‘বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছে সে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে তাকে আবারও বিএসএমএমইউতে পাঠাব চিকিৎসার জন্য’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বেগম জিয়াকে কবে নাগাদ হাসপাতালে পাঠানো হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শিগগিরই পাঠাব। বোর্ড যেভাবে বলে সেভাবেই তাকে বিএসএমএমইউতে পাঠানো হবে।’

(এমআইআর/ ০৫ মার্চ ২০১৯)