Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 21:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জেফ বেজোস বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখনো বহাল তবিয়তে। তার পেছনেই রয়েছেন বিল গেটস ও ওয়ারেন বাফেট। তবে শীর্ষ তিন পদে কোনো রদবদল না হলেও নিচের দিকে বেশ পরিবর্তন এসেছে।

ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ধনীর সর্বশেষ তালিকায় এ তথ্য উঠে এসেছে। খবর এএফপি ও ফোর্বস।

তিন ধাপ পতন হয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। দুই ধাপ এগিয়েছে নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের অবস্থান।

মঙ্গলবার ঘোষিত ফোর্বসের তালিকায় দেখা গেছে, ৫৫ বছর বয়সী বেজোস গত এক বছরে ১ হাজার ৯০০ কোটি ডলার কামিয়েছেন। এতে তার সম্পদের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ১০০ কোটি ডলার।

অ্যামাজনের ১৬ শতাংশ শেয়ারের মালিক বেজোস যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বাম ঘরানার অংশের সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও মানবহিতৈষী বিল গেটসের সঙ্গে তার সম্পদের ব্যবধানও আলোচনার জন্ম দিয়েছে।

ফোর্বসের হিসাবে দেখা গেছে, পূর্ববর্তী বছরের ৯ হাজার কোটি ডলার থেকে ৬৩ বছর বয়সী গেটসের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৫০ কোটি ডলারে। তৃতীয় স্থানে রয়েছেন ৮৮ বছর বয়সী বাফেট, যার সম্পদ ১৫০ কোটি ডলার হ্রাস পেয়ে ৮ হাজার ২৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

শীর্ষ তিন ধনীর তালিকায় কোনো পরিবর্তন না হলেও পরের অবস্থানে ব্যাপক রদবদল হয়েছে। চতুর্থ অবস্থানে এসেছেন ফ্রান্সের বিলাসদ্রব্য কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী (সিইও) বার্নার্ড আর্নো। ৯০০ কোটি ডলার হারিয়ে জাকারবার্গ পঞ্চম স্থান থেকে অষ্টম স্থানে নেমেছেন। জাকারবার্গের সামনে চলে এসেছেন মেক্সিকান টাইকুন কার্লোস স্লিম, স্পেনের জারা ও ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা আমানসিও ওর্তেগা এবং ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন।

ব্লুমবার্গ ১১তম অবস্থান থেকে দুই ধাপ এগিয়ে নবম স্থানে পৌঁছেছেন। তার সম্পদের পরিমাণ ৫ হাজার কোটি ডলার থেকে বেড়ে ৫ হাজার ৫৫০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বিলিয়নেয়ারদের তালিকায় এখনো সর্বাধিকসংখ্যক মার্কিন নাগরিক অবস্থান করছেন। শীর্ষ ২০ ধনীর মধ্যে ১৪ জনই মার্কিন নাগরিক। শীর্ষ ২০ ধনীর তালিকায় আমেরিকান নাগরিকের বাইরে আরো যারা রয়েছেন, তারা হচ্ছেন ভারতের মুকেশ আম্বানি (রিলায়েন্সের চেয়ারম্যান), চীনের মা হুয়াতেং (চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্টের প্রধান)।

ফোর্বসের তালিকায় দেখা গেছে, গেল বছর বিলিয়নেয়ারের সংখ্যা পূর্ববর্তী বছর থেকে ৫৫ জন হ্রাস পেয়ে ২ হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে। ৯৯৪ জন বিলিয়নেয়ারের সম্পদের পরিমাণ পূর্ববর্তী বছরের তুলনায় হ্রাস পেয়েছে। সব মিলিয়ে শীর্ষ ধনীদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮ দশমিক ৭০ ট্রিলিয়ন ডলার, যা ২০১৮ সাল থেকে ৪০ হাজার কোটি ডলার কম। গত বছর তালিকায় থাকা ১১ শতাংশ বিলিয়নেয়ার বা ২৪৭ জন এবারের তালিকা থেকে বাদ পড়েছেন।

(এসএএম/ ০৭ মার্চ ২০১৯)