Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 05:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এবার দেশের বাণিজ্যিক জেলা ও বন্দর নগরী চট্টগ্রামে বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৩০ মার্চ শনিবার  সকাল ১০টায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু হবে; যা চলবে সারা দিনব্যাপি।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। আর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্ট্রগ্রামের স্থানীয় সংসদ সদস্য ও সরকারের যেকোনো একজন মন্ত্রী। অনুষ্ঠানে ২ হাজারেরও বেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তারা অংশগ্রহন করবেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন বিএসইসির নির্বাহী পরিচালক মো: মাহবুবুল আলম। আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নিয়ন্ত্রক সংস্থার পরিচালক মো: রেজাউল করিম।

জানা গেছে, অনুষ্ঠানে বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার নিয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে।  এসব সেমিনারে কমিশনের কমিশনার ও কর্মকর্তারা বক্তব্য রাখবেন। সুষ্ঠুভাবে এই কনফারেন্স সম্পন্ন করতে সহযোগিতা করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল)।

প্রসঙ্গত, গত ২০১৭ সালের জানুয়ারি মাসে বিএসইসির নতুন ভবন উদ্বোধনকালে দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম এর ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এ কার্যক্রম পরিচালনা করে আসছে বিএসইসি এবং এর স্টেকহোল্ডাররা। এরই ধারাবহিকতায় এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিনিয়োগ শিক্ষা কনফারেন্স।

সংস্থাটি জানায়, আগামী ১০ বছরে অন্তত এক কোটি জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করতে চায় বিএসইসি। এলক্ষ্যে ইতোমধ্যে দেশের বিভাগীয় শহরগুলোতে এ ধরনের আয়োজন সম্পন্ন করেছে কমিশন। এরমধ্যে সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনায় এ ধরনের অনুষ্ঠান করেছে সংস্থাটি। এসব আয়োজনে বিপুল সংখ্যক জণগনের সাড়া পাওয়া গেছে।

বিএসইসি মনে করে, এই কার্যক্রমের মাধ্যমে দেশের বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব হবে। আর এরফলে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা শিক্ষিত ও সচেতন হবে।  পাশাপাশি বিনিয়োগের কাঙ্খিত সুফল পাবেন তারা।

(এমআইআর/এসএএম/ ১১ মার্চ ২০১৯)