
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে গতকাল বুধবার এশিয়ার শেয়ারবাজারে অস্থিরতা বজায় ছিল। অন্যদিকে পাউন্ড কিছুটা স্থিতিশীল হয়ে উঠলেও ঝুঁকি কাটেনি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তথ্য সুত্র: রয়টার্স।
সমঝোতার ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যেতে একটি চুক্তির খসড়া করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে। কিন্তু দেশটির সংসদ তা প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ-সংক্রান্ত ভোটাভুটিতে ৩৯১ জন আইনপ্রণেতা বিপক্ষে এবং ২৪২ জন পক্ষে ভোট দিয়েছেন।
এ সিদ্ধান্ত ব্রেক্সিটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে দুর্ভাবনা তৈরি করেছে। এর নেতিবাচক প্রভাব পড়ে বুধবার এশিয়ার শেয়ারবাজারে। নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা সতর্কতা অবলম্বন করছেন।
বুধবার এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলো শ্লথগতিতে শুরু হয়। জাপান বাদে এশিয়ার বিস্তৃত সূচক এমএসসিআই হারায় দশমিক ৪৫ শতাংশ। চার মাসের মধ্যে জানুয়ারিতে সবচেয়ে দ্রুতগতিতে স্থানীয় যন্ত্রাংশ ক্রয়াদেশ কমেছে, এ সংবাদে নিক্কেই-২২৫ সূচকের পতন হয় ১ দশমিক ২ শতাংশ। দুদিন বৃদ্ধির পর সাংহাইয়ের ‘ব্লু চিপ’ সিএসআই-৩০০ সূচকের পতন হয় দশমিক ৫ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০-এর ই-মিনি ফিউচার সূচক হ্রাস পায় দশমিক ২ শতাংশ।
সোমবার শেষ মুহূর্তে এসে ইইউ নেতাদের সঙ্গে মে আলোচনায় বসেছিলেন ব্রিটেনের ইইউ বিচ্ছেদ চুক্তিতে পরিবর্তন করা যায় কিনা, তা নিয়ে। ধারণা করা হয়েছিল, এটি সমালোচকদের শান্ত করবে। কিন্তু সংসদে এর প্রতিফলন দেখা যায়নি।
এখন ব্রিটিশ পার্লামেন্টকে কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘চুক্তিহীন ব্রেক্সিট’ গ্রহণ করবে নাকি আরো কিছুটা সময় চাইবে। ২৯ মার্চ ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হওয়ার কথা রয়েছে।
ব্রেক্সিট চুক্তি নিয়ে বুধবার আরেক দফা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি যদি ব্যর্থ হয়, তবে বিচ্ছেদের চূড়ান্ত সময়সীমা বাড়ানো যায় কিনা, তা নিয়ে বৃহস্পতিবার আরেকটি ভোট অনুষ্ঠিত হতে পারে।
ব্রেক্সিট চুক্তির খসড়া নিয়ে মঙ্গলবারের ভোটাভুটিকে কেন্দ্র করে পাউন্ড কিছুটা স্থির হয়েছে। তবে বিনিয়োগকারীরা বলছেন, ব্রেক্সিট-সংক্রান্ত আগামী প্রক্রিয়াকে কেন্দ্র করে মুদ্রাটি আরো বেশি অস্থির হয়ে উঠতে পারে।
ন্যাশনাল অস্ট্রেলিয়ান ব্যাংকের অর্থনীতি ও বাজার বিভাগের পরিচালক ডেভিড দে গারিস বলেন, আজকের (মঙ্গলবারের) ভোট যে সরকারের বিরুদ্ধে যাবে, তা প্রায় নিশ্চিতই ছিল। তিনি আরো বলেন, বৃহস্পতিবার সময় বৃদ্ধির পক্ষে ভোট পড়বে বলে আমরা অনুমান করছি এবং এটি হলে স্টার্লিং কিছুটা স্বস্তি পাবে। তিনি আরো বলেন, এটি এখনো দ্রুত পরিবর্তনশীল পরিবেশ, যেখানে রাজনৈতিক চাপ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
গাইতেমডটকম রিসার্চ ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক তাকুয়া কান্দা বলেন, চুক্তিহীন ব্রেক্সিট পরিকল্পনা সংসদ প্রত্যাখ্যান করবে এবং সময়সীমা বাড়ানো হতে পারে, এমন সম্ভাবনা জোরদার হয়ে উঠেছে। এ ধরনের প্রত্যাশার ওপর ভিত্তি করে পাউন্ড স্থিতিশীল হয়েছে। তিনি আরো বলেন, ব্রেক্সিটের ওপর পাউন্ড অত্যন্ত স্পর্শকাতর। আমরা ধরে নিতে পারি, বিচ্ছেদের চূড়ান্ত সময়সীমা বাড়ানোর সম্ভাবনা তৈরি হলে ফের মুদ্রাটি বৃত্তাকার চক্রে পড়ে যেতে পারে।
স্টারলিং শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১ দশমিক ৩০৮৯ ডলার এবং নিম্ন সীমায় আটকে রয়েছে। মুদ্রাটি আগের দিন শূন্য দশমিক ৬৫ শতাংশ হারিয়েছিল। ওইদিন এটি ১ দশমিক ৩২৯০ ও ১ দশমিক ৩০০৫ ডলারের মধ্যে ঘুরপাক খাচ্ছিল।
সুমিটোমো মিতসুই ট্রাস্টের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক আয়াকো সেরা বলেন, যদি ব্রিটেন বিচ্ছেদের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে প্রশ্ন উঠবে কতদিনের বাড়তি সময় তারা প্রত্যাশা করছে এবং ওই সময়ের মধ্যে কাজ শেষ করতে কী পরিকল্পনা নেবে। গ্রহণযোগ্য পরিকল্পনা ছাড়া আসন্ন ইইউ সম্মেলনে ইউরোপীয় নেতাদের সন্তুষ্ট করতে কষ্ট হবে ব্রিটেনের, যা পাউন্ড নিয়ে বাজার অংশগ্রহণকারীদের অবস্থান পাল্টাতে বাধ্য করবে এবং আবারো হঠাৎ পতনের মুখে পড়বে মুদ্রাটি।
মার্চের ২১-২২ তারিখে অনুষ্ঠিত সম্মেলনে ইইউর ২৮ সদস্য দেশের নেতারা সিদ্ধান্ত নেবেন মধ্যস্থতা আলোচনার সময় বাড়ানো হবে কিনা।
(এস আর/ ১৪ মার্চ ২০১৯)