Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 02:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রাইভেট প্লেসমেন্টের অপব্যবহার রোধে অ-তালিকাভুক্ত কোম্পানির অর্থ উত্তোলন সংক্রান্ত নোটিফিকেশন সংশোধনীর লক্ষ্যে ৪ সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৬৮০তম নিয়মিত সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বিএসইসির নির্বাহী পরিচালক মো: মাহবুবুল আলমকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি পর্যালোচনা করে অ-তালিকাভুক্ত কোম্পানির অর্থ সংগ্রহ সংক্রান্ত এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১১৪/এডমিন.২৮ নোটিফিকেশন সংশোধনীর জন্য সুপারিশ করবে।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ বছর পরে আবারও আলোচনায় উঠে এসেছে প্লেসমেন্ট। গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে প্লেসমেন্ট। এই পদ্ধতিতে ব্যাপক অনিয়মের মাধ্যমে শেয়ার বেচাকেনা হচ্ছে। যা শেয়ারবাজারকে আরেকটি মহাধসের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এছাড়া চলমান প্লেসমেন্টের ভয়াবহতা নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের বৈঠকেও সমালোচনা হওয়ার ঘটনা ঘটেছে। এর অংশ হিসেবে প্লেসমেন্ট শেয়ারের সংশোধনীর জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

(এসএএম/ ১৯ মার্চ ২০১৯)