Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 00:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পনায়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের মামলার আসামি মো. রুহুল আমিনকে দেয়া এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ শনিবার এ আদেশ দেয় বলে জানায় হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার সাইফুর রহমান।

তিনি জানান, এর আগে গত ১৮ মার্চ এ হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়। এছাড়া রুল জারি করেছিল আদালত। এ আসামি তথ্য গোপন করে (সাপরেশন অব ফেক্ট) জামিন আবেদন করে। আজ আদালত ইতোপূর্বে এ আসামিকে দেয়া জামিন আদেশ রি-কল (বাতিল) করার আদেশ দেয়। পরবর্তী আদেশের জন্য ২৫ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন রাতে সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ এক নারীকে ধর্ষণ করা হয়।

চাঞ্চল্যকর ওই ঘটনায় আনা মামলায় এ পর্যন্ত রুহুল আমিনসহ ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

সূত্র: বাসস

(এমআইআর/ ২৩ মার্চ ২০১৯)