
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা ও চট্টগ্রামে আগামী ২৮ ও ৩০ মার্চ অনুষ্ঠেয় বিনিয়োগ শিক্ষা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে জনৈক সাংবাদিক বিএসইসিতে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের বিষয়টি উত্থাপন করলে বিএসইসির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। এ নিয়ে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে একপর্যায়ে সাংবাদিকরা সংবাদ সম্মেলন বয়কট করেন।
পরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়। সংগঠনের সভাপতি হাসান ইমাম রুবেল ও সাধারণ সম্পাক মনির হোসেন এক বিবৃতিতে বলেন, গভীর উদ্বেগের সাথে জানানো যাচ্ছে যে, সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয়েছে। নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সঙ্গে এই দুর্ব্যবহার এবং অকথ্য ভাষায় আক্রমন গোটা সাংবাদিক সমাজকে মর্মাহত ও ব্যথিত করেছে। এতে গোটা গণমাধ্যম জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিএমজেএফ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
সিএমজেএফের পক্ষ থেকে এ ঘটনার পূর্ণ তদন্ত করে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। তা না হলে সাংবাদিকদের মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
এদিকে সোমবার রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিএসইসি। একই সঙ্গে বিএসইসিতে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা অতিদ্রুত নিরসন করার আশ্বাস দেওয়া হয়। বিএসইসির বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনে নিয়মের মধ্যে থেকে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং সমজাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিদ্যমান সুযোগ সুবিধার আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
(এসএএম/ ২৬ মার্চ ২০১৯)