
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া পর্যটন নগরী কক্সবাজারের পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপের আইপিও আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ এপ্রিল থেকে এ কোম্পানিটির আইপিওতে আবেদন শুরু হয়ে চলবে আগামী ৬ মে পর্যন্ত।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৬৭৬তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গতকাল সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেবা খাতের এ কোম্পানিটিকে সম্মতিপত্র দিয়েছে। এরফলে আগামী আগামী ২২ এপ্রিল থেকে এ কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহন শুরু করবে কোম্পানিটি; যা চলবে আগামী ৬ মে পর্যন্ত।
উল্লেখ্য, নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকা দরে দেড় কোটি শেয়ার ইস্যু করবে।
আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫ কোটি টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করবে। ইন্টেরিয়র ফিনিশিং অ্যান্ড ফার্নিচার, জমি ক্রয় এবং আইপিও খরচ বাবদ মূলত ব্যয় হবে এই টাকা।
গত তিন বছরের আর্থিত প্রতিবেদন অনুসারে ভারিত গড় শেয়ার প্রতি আয় (Weighted Average EPS) ৪১ পয়সা।
সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
(এমআইআর/ এসএএম/ ২৬ মার্চ ২০১৯)