
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: শুরু হয়েছে ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭।
শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সামিটের উদ্বোধন করেন।
বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি-বেসরকারি খাত, দাতা সংস্থা, ব্র্যান্ড, শ্রমিক সংগঠনসহ এ খাতের সংশ্লিষ্টদের নিয়ে আয়োজন করা হয় এ মেলার।
তৈরি পোশাক শিল্পের বড় এই সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এবারের সামিটের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে টুগেদার ফর এ বেটার টুমোরো।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ফিল্ড অপারেশন অ্যান্ড পার্টনারশিপ বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলবার্ট ফুসান হাংবো, বাংলাদেশের শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উদ্বোধনী সেশনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান; সহ-সভাপতি এস.এম. মান্নান কচি, মাহমুদ হাসান খান, মোহাম্মাদ নাসির প্রমুখ।
উদ্বোধনী সেশনের পরই এই সম্মেলনে ৩টি সেশনে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। সেশনগুলো হলো- বিজনেস পলিসি অ্যান্ড ইনভারমেন্ট: টুওয়ার্ড এ বেটার বাংলাদেশ, কোলাবোরেটিভ অ্যান্ড রেসপনসিবল সার্সিং ফর সাসটেইন্যাবল গ্রোথ এবং বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাষ্ট্রি: ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য রোড অ্যাহেড।
সেশনগুলোতে যেসব বিষয় অগ্রাধিকার পায় তা হলো-শিল্পমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য কনডাকটিভ বিজনেস, পরিবেশ ও নীতি, তৈরি পোশাকরে সাপ্লাই চেইন টেকসই করার জন্য স্টেকহোল্ডারদের সমন্বিত উদ্যোগ ও টেকসই অর্থনীতির গুরুত্ব কতখানি, শিল্পের আধুনিকীকরণ কেন গুরুত্বপূর্ন, পোশাক শিল্পের চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়।
প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো অ্যাপরেল সামিটের আয়োজন করেছিল বিজিএমইএ। তাজরীন অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গার্মেন্টস খাত নিয়ে যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠে গার্মেন্ট খাতকে আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীল খাত হিসেবে তুলে ধরতে প্রথমবারের মতো ঢাকা অ্যাপারেল সামিট অনুষ্ঠিত হয়।
(এসএএম/ ২৪ ফেব্রুয়ারি ২০১৭)