
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এখন থেকে প্রতি কার্যদিবসে সাংবাদিকদের জন্য একঘন্টা সময় বরাদ্দ করেছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার কমিশনের নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারি এ সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমান প্রতি কর্মদিবসে বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত কমিশনে আগত সাংবাদিকদের ব্রিফিং প্রদান করবেন। তার অনুপস্থিতিতে কমিশনের পরিচালক মো: রেজাউল করিম উক্ত দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বিএসইসিতে এক্সেস কন্ট্রোল সিস্টেম শিথিল করা নিয়ে বেশ কিছুদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন শেয়ারবাজার বিটে কর্মরত সাংবাদিকরা। এর ধারাবাহিকতায় গত ২৫ মার্চ ২০১৯ (সোমবার) ঢাকা ও চট্টগ্রামে বিনিয়োগ শিক্ষা মেলা উপলক্ষ্যে বিএসইসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবির পূনরাবৃত্তি করেন একজন সাংবাদিক। একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ ঘটনার জেরে তাৎক্ষনিকভাবে সাংবাদিকরা বিএসইসির অনুষ্ঠান বয়কট করে। পরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে দু:খ প্রকাশ করে বিএসইসি। একইসঙ্গে এক্সেস কন্ট্রোল সিস্টেম শিথিল করার আশ্বাস দেওয়া হয়। এরই প্রেক্ষিতে বিএসইসি আপাতত এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।
(এসএএম/ ২৭ মার্চ ২০১৯)