Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 00:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ব্রেক্সিট ইস্যুতে কার্যকর ফল না এলে পদত্যাগ করতে পারেন বলে আভাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার এই চুক্তিতে ব্রিটিশ এমপিরা একমত না হলে মে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।

তবে মে পদত্যাগ করলে তার ব্রেক্সিট চুক্তিতে বিরোধীরা সমর্থন দেবেন কিনা তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারীরা। গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন চেকার্সে এক বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সহকারীরা বিরোধীদের কাছে এমনটি জানতে চেয়েছেন।

খবরে বলা হয়েছে, যে পর্যায়ের সহকারীরা বিরোধীদের কাছে এমনটা জানতে চাইছেন তাতে মনে হয় না, এসব কর্মকর্তারা নিজে থেকেই এমন প্রশ্ন করেছেন। এর মধ্য দিয়ে ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের ইচ্ছার আভাস পাওয়া যাচ্ছে।

ব্রিটিশ পার্লামেন্টে দুই দফায় প্রত্যাখ্যাত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরিত ব্রেক্সিট চুক্তি। এই চুক্তি নিয়ে নিজ দল এবং বিরোধী দলের সংসদ সদস্যদেরও বিরোধিতার মুখে পড়ছেন তিনি। আগামী সপ্তাহে পার্লামেন্টে তৃতীয় দফায় ভোটাভুটির কথা রয়েছে।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের প্রতিশ্রুতি দিলে ব্রেক্সিট ইস্যুতে নিজ দলীয় এমপিদের সমর্থন পেতে পারেন মে।

এমন পরিস্থিতিতে গত রোববার প্রধানমন্ত্রীর বাসভবন চেকার্সে কনজারভেটিভ পার্টির এমপিদের সঙ্গে বৈঠক করেন মে। ওই বৈঠকে কট্টরপন্থী ব্রেক্সিট সমর্থক হিসেবে পরিচিত এমপিদের মধ্যে- বরিস জনসন, আইয়ান ডানকান স্মিথ, জ্যাকব রিস-মগসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে আগামী ১২ এপ্রিল ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইউরোপীয় নেতারা। আগামী সপ্তাহে মে’র চুক্তি অনুমোদন পেলে ব্রেক্সিট কার্যকরের সময়সীমা ২২ মে পর্যন্ত বাড়াতে রাজি আছে ইউরোপীয় ইউনিয়ন। তবে কার্যকর না হলে ১২ এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে ব্রিটেন।

(এমআইআর/ ২৮ মার্চ ২০১৯)