Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 12:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৫ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি চালের ৩৪ টাকা ও ধানের ২৪ টাকা।

এবার মোট সংগ্রহের মধ্যে ৭ লাখ টন থাকছে ধান, যা কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হবে।
সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার (১৬ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, আগামী ২ মে থেকে শুরু হয়ে এ ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এবার ৮ লাখ টন বোরো চাল কেনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এরমধ্যে এক লাখ টন আতপ চাল। আতপ চালের প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৩৩ টাকা।’

গত বছর বোরোতে ১৩ লাখ টন ধান-চাল সংগ্রহ করে সরকার। এরমধ্যে ৭ লাখ টন ধান ও ৬ লাখ টন চাল সংগ্রহ করা হয়। সংগ্রহ মূল্য ছিল প্রতি কেজি চালের ৩২ টাকা ও ধানের ২৩ টাকা।

এ ছাড়া এক লাখ টন গম সংগ্রহ করা হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রতি কেজি গমের দাম নির্ধারণ করা হয়েছে ২৮ টাকা। আগামী ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ করা হবে।’

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

(ইউএম/ ১৬ এপ্রিল ২০১৭)