
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পারস্পরিক সহযোগিতার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিডেট (ডিএসই) ও কলম্বো স্টক এক্সচেঞ্জ (সিএসই) লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।
গত ২৮ মার্চ (বৃহস্পতিবার)শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান ও সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিভা বন্দরনায়েক স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এসময় ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন ও সিএসইর হেড অব স্ট্যাটেজি নিলমা সামারাসিংহে উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, উভয় স্টক এক্সচেঞ্জ তথ্য বিনিময়, বিশেষ করে পণ্য উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও মূলধন উত্তোলন বিষয়ে বাংলাদেশ ও শ্রীলংকা যৌথ উদ্যোগে স্টক এক্সচেঞ্জের অগ্রগতি সাধনে কাজ করবে। এছাড়াও দুই দেশের অর্থনীতি ও বাণিজ্যিক সর্ম্পক্ উন্নয়নে অবদান রাখার পাশাপাশি দক্ষিণ এশিয়া অঞ্চলে পুঁজিবাজারের উন্নয়ন প্রচেষ্টার অগ্রগতি অব্যাহত রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দেশে এবং বিদেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য আকর্ষনীয় জায়গা। এখানে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করা হয়। যা বিশ্বখ্যাত নাসডাক থেকে নেওয়া। এছাড়া গতবছর শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম ঢাকা স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অংশীদার হয়েছে। তিনি আরও বলেন, ডিএসই ও সিএসই’র মধ্যে এই সমঝোতা স্মারক উভয় স্টক এক্সচেঞ্জের যৌথ উন্নয়ন প্রচেষ্টাগুলোকে আরও দক্ষ করে তুলবে, যাতে দক্ষিন এশিয়া অঞ্চলে উভয় স্টক এক্সচেঞ্জ নেতৃস্থানীয় স্টক এক্সচেঞ্জে পরিণত হতে পারে।
সিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিভা বন্দরনায়েক বলেন, ডিএসইর সঙ্গে সহযোগিতার চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সিএসই বিগত কয়েক বছর ধরে এশিয়ার বিভিন্ন স্টক এক্সচেঞ্জের সঙ্গে এমন সহযোগিতার চুক্তির চেষ্টা করছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। এই দক্ষিণ এশিয়া এখন উদিয়মান অর্থনৈতিক শক্তি। যেখানে আমাদের শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমরা ভবিষ্যতে শেয়ারবাজারের উন্নয়নে ডিএসইর সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে চাই।
(এসএএম/ ০৩ এপ্রিল ২০১৯)