
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে বিকেলে সাকিবের কলকাতা এবং রাতে মুস্তাফিজের হায়দরাবাদ মাঠে নামবে। সোমবার বিকেল সাড়ে ৪টায় ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আর অপর ম্যাচে রাত সাড়ে ৮টায় সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে কিংস এলেভেন পাঞ্জাবের।
এক ম্যাচের বিরতিতে হায়দরাবাদের হোম ম্যাচ দিয়ে দলে ফিরতে পারেন মুস্তাফিজ। টানা চারটি ম্যাচ মিস করা সাকিব আল হাসানও অপেক্ষায় রয়েছেন কলকাতার একাদশে ফেরার।
কলকাতা ও দিল্লি দু’দলই টানা দুই ম্যাচ জিতে ছন্দে রয়েছে। তা সত্ত্বেও একাদশে পরিবর্তন আনতে পারে গৌতম গম্ভীরের দল। সম্ভাব্য স্লো উইকেটে ক্রিস উকস বা কলিন ডি গ্র্যান্ডহোমের জায়গায় আসতে পারেন সাকিব। কলকাতা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ৬ পয়েন্ট নিয়ে। আর দিল্লি ঠিক তাদের পরেই অবস্থান করছে ৪ পয়েন্ট নিয়ে।
এই দুই দলের মুখোমুখি পরিসংখ্যানটা একটু দেখে নেওয়া যাক। কলকাতা ও দিল্লি গতবার নিজেদের হোম ম্যাচ জিতে নেয়। সব মিলিয়ে দু’দলের ১৭ বারের সাক্ষাতে ১০ ম্যাচে জয় তুলে নেয় কেকেআর। দিল্লির হোম গ্রাউন্ডেও ফেভারিট কলকাতা! ছয় ম্যাচের মধ্যে চারটিতেই হেরে যায় স্বাগতিকরা।
অন্যদিকে, সানরাইজার্স ও পাঞ্জাব দু’দলই নিজেদের সবশেষ দুই ম্যাচেই হারের তিক্ততা পেয়েছে। পয়েন্ট টেবিলের চারে রয়েছে হায়দরাবাদ এবং পাঁচে রয়েছে পাঞ্জাব। হায়দরাবাদের গত ম্যাচে কলকাতা বিপক্ষে বাদ পড়েন মুস্তাফিজ। তবে হায়দরাবাদের ঘরের মাঠের উইকেটে তার সাফল্য চোখে পড়ার মতো। তাই এই ম্যাচে তাকে ময়দানী লড়াইয়ে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ভেন্যুতে গত আসরে ২৫.৮৫ গড়ে সাতটি উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলিং বিস্ময়। ইকোনমি রেট ৬.৯৬। তার মধ্যে রয়েছে পাঞ্জাবের বিপক্ষে চার ওভারে ৯ রানের বিনিময়ে ২ উইকেটের দুর্দান্ত বোলিং ফিগার।
এছাড়া মুখোমুখি দেখায় হায়দরাবাদের সামনে পাঞ্জাবের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে জয়ের হাতছানি! গতবার হোম ও অ্যাওয়ে দু’টিতেই জয় পায় ডেভিড ওয়ার্নারের দল। হোম ম্যাচে ব্যবধান ৩-১। সব মিলিয়ে আটবারের দেখায় ৬টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দরাবাদ।
(ইউএম/ ১৭ এপ্রিল ২০১৭)