Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 02:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রয়োজনে নিরাপদ খাদ্য আইন সংশোধন করা হবে। আর এতে শাস্তির মাত্রা বাড়িয়ে যাবজ্জীবন কারাদন্ড বা মৃত্যুদণ্ডের বিধান করা হবে।

রোববার সচিবালয়ের সামনে রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুসজ্জিত মোবাইল ভ্যানের মাধ্যমে ঢাকা মহানগরীতে প্রচার-প্রচারণার উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল যারা মেশায় তাদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শুধু রমজান মাসেই নয়, আমরা চাই ১২ মাসই জনগণ নিরাপদ খাদ্য খাবে। যারা খাবারে ভেজাল দেয় তারা সমাজের শক্র, মানবতার শক্র।

তিনি বলেন, রমজান মাসে ভেজালবিরোধী অভিযানে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। প্রয়োজনে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্যে ভেজালের বিষয়ে আমাদের নিজেদের মধ্যে আরও সচেতনতা বাড়ানো জরুরি। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সবাই মিলে একযোগে, এক হয়ে কাজ করে এটিকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। আতংকিত না হয়ে ভেজাল প্রতিরোধে নিজেরা যদি আরও সোচ্চার হই তাহলে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।

এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুযুল হক, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১২ মে ২০১৯)