Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 18:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পিঠে ও কোমরে ব্যথা থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মূল একাদশে ছিলেন না। গত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের দায়ে এক ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম ম্যাচেও মোহামেডানের হয়ে মাঠে নামেননি তামিম।

তবে নিষেধাজ্ঞা কাটিয়ে স্বরূপে ফিরলেন দেশসেরা এই ওপেনার। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তামিম। মাঠে নেমেই ১২৫ বলে ১৮ চার ও সাতটি বিশাল ছক্কায় ১৫৭ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেছেন গত আসরে আবাহনীতে খেলা এই ব্যাটসম্যান।

সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। বেশ রয়েসয়ে শুরুটা করেছিল মোহামেডান। উদ্বোধনী জুটিতে ৭৩ রান তুলে নেন তামিম ও শামসুর রহমান। ৫০ বলে ৩৮ রান করে আউট হন শামসুর রহমান। এরপর রনি তালুকদারকে নিয়ে আরো ৫৭ রান যোগ করেন তামিম। এর মধ্যে নিজের অর্ধশতকটা তুলে নেন এই ওপেনার। ৬১ বলে ছয়টি চার ও এক ছয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।

দলীয় ১৩০ রানে রনি ফিরলে আক্রমণের দায়িত্বটা একাই তুলে নেন তামিম। কলাবাগানের বোলারদের বেদম পেটাতে থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তামিমের পরের অর্ধশতক এসেছে ৪১ বলে। ১০২ বলে ১৩ চার ও দুই ছক্কায় লিগে নিজের প্রথম শতকটি করলেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করার পর আরো বেপরোয়া হয়ে ওঠেন তামিম। শেষ পর্যন্ত ১২৫ বলে ১৫৭ রান করে সঞ্জিত সাহার বলে মুক্তার আলীকে ক্যাচ দেন জাতীয় দলের এই ব্যাটিংস্তম্ভ। ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৭ রান করেছে মোহামেডান।

(এমআইআর/ ১৮ এপ্রিল ২০১৭)