Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 12:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মো: শাহাদাৎ হোসেন রাজু, বিনিয়োগবার্তা,নরসিংদী : মুসলমানদের সবচেয়ে বড় ধমীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের পাইকারি ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে  ও কুলিদের হাক-ডাকে সরগরম হয়ে উঠেছে দেশের অন্যতম দেশীয় কাপড়ের পাইকারি মার্কেট নরসিংদীর শেখেরচর-বাবুরহাট। রোজার এক সপ্তাহ আগে থেকেই ঐতিহ্যবাহী এই কাপড়ের বাজারে বেচাকেনা শুরু হয়। বৃহস্পতিবার-রবিবার পর্যন্ত চার দিনের সাপ্তাহিক হাটে প্রতি সপ্তাহেই দেড় থেকে দুইশ কোটি টাকা বেচাকেনা হলেও ঈদ উপলক্ষে তা বেড়ে দ্বিগুণেরও বেশি পৌঁছায় বলে জানিয়েছেন শেখেরচর-বাবুরহাট বণিক সমিতি।

শুক্রবার ও শনিবার সরেজমিন শেখেরচর-বাবুরহাটে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাজারের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যানসহ অন্যান্য গাড়িতে বোঝাই করা হচ্ছে শাড়ি, লুঙ্গি, থ্রিপিসসহ দেশীয় সবধরনের কাপড়ের গাইট। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ক্রেতার ভিড়ে সরগরম হয়ে উঠেছে বাজারটি। পছন্দ অনুযায়ী নতুন নতুন ডিজাইনের কাপড় সংগ্রহ করতে দোকানে দোকানে ভিড় জমাচ্ছে পাইকারি ক্রেতারা। বাজারের প্রতিটি গলিতে কাপড় আনা নেওয়ায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। অনেকে এসেছেন পাইকারি দামে জাকাতের জন্য কাপড় কিনতে। পাশাপাশি ভিড় করছেন খুচরা ক্রেতারাও।

বিক্রেতারা জানান, বাজারটিতে ছোট-বড় প্রায় পাঁচ হাজার দোকান রয়েছে। এসব দোকানে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, থান কাপড়, বিছানার চাদর, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড় ও গামছাসহ দেশীয় প্রায় সবধরনের কাপড়ের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষে প্রতিবারের মতো এবারও কাপড়ের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্যতা। রোজার এক সপ্তাহ আগে থেকেই দেশীয় এই কাপড়ের বাজারটিতে দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ক্রেতারা আসতে শুরু করায় পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে। দেশের কাপড় উৎপাদনকারী প্রায় সব শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব একাধিক শো-রুম রয়েছে এখানে। এসব বস্ত্র কোম্পানির বেশিরভাগ কারখানাও নরসিংদী জেলা কেন্দ্রিক। ফলে এখানকার উৎপাদিত কাপড়ের গুণগত মান ভালো হওয়ার পাশাপাশি দামেও সাশ্রয়ী। দেশের অন্যান্য স্থানে প্রস্তুতকৃত যাবতীয় কাপড়ও পাওয়া যায় এখানে। চাহিদা অনুযায়ী সব ধরনের দেশীয় কাপড় সহজলভ্য হওয়ায় দেশের বিভিন্ন জেলার পাইকারি ক্রেতাদেরও এই হাটের প্রতি রয়েছে অনেক আগ্রহ।

ডিআরপি থ্রিপিচের স্বত্তাধিকারী সুশিল সাহা বলেন, ‘মূলত রোজার এক সপ্তাহ আগে থেকেই ঈদের কাপড় কেনার জন্য দেশের বিভিন্ন জেলার ক্রেতারা আসছেন। দেশের সাধারণ মানুষের রুচি ও চাহিদার কথা চিন্তা করে ডিআরপি থ্রিপিচেও আনা হয়েছে বৈচিত্র্যতা । এ বছর বেচাকেনা সন্তোষজনক।’

আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল উদ্দিন  বলেন, ঈদ  উপলক্ষে বেশ ভালো বিক্রি হচ্ছে। রোজা শুরু হওয়ার দুই সপ্তাহ আগে থাকেই বিক্রি শুরু হয়েছে। ক্রেতার চাহিদা বিবেচনা করে শো-রুমগুলোতে.  নতুন ডিজাইনের যাবতীয় পোশাক তোলা হয়েছে।

পাকিজা ফেব্রিক্স শো-রুমের কর্মকর্তা শংকর সাহা বলেন, ঈদ উপলক্ষে থ্রি-পিস ও শাড়িতে নতুনত্ব আনা হয়েছে। দেশের অন্যান্য বাজারের তুলনায় দাম কম ও কাপড়ের মান ভালো হওয়ায় সারাদেশের পাইকারি ক্রেতারা ঈদের কাপড় কিনতে এই হাটে আসেন। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরে যাকাতের জন্য লুঙ্গি ও শাড়ির চাহিদা বেড়ে যায়।

নরসিংদী ডায়িং এর মালইক রিপন হোসেন বলেন, ‘এ বছরও ঈদ উপলক্ষে কাপড়ের ডিজাইনে বৈচিত্র্য আনা হয়েছে। দামও আগের মতো আছে, খুব একটা বাড়েনি।’

প্রিন্ট ও একরঙা গজ কাপড় বিক্রেতা বাবুল আহাম্মেদ বলেন, ‘শাড়ি, গজ কাপড়ের বেচাকেনা আগেভাগেই হয়। পাশাপাশি শাড়ি, লুঙ্গি ও থ্রিপিসের বেচাকেনা চলে ঈদের আগের সপ্তাহ পর্যন্ত।’

সিলেটের ছাতক উপজেলা থেকে আসা খুচরা কাপড় ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘খুচরা বাজারে এখনও পুরোদমে কেনাকাটা শুরু হয়নি। দোকানের জন্য বাবুরহাট থেকে পাইকারি দামে ঈদের কাপড় কেনার জন্য এসেছি।’

রাজধানী ঢাকার বারিধারা এলাকা থেকে আসা শাহরিয়ার আলম বলেন, ‘জাকাতের কাপড় কেনার জন্য এখানে এসেছি। ঢাকার তুলনায় এখানে দামটা কম হওয়ায় প্রতিবছর এখানে কেনাকাটার জন্য আসি।’

শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সভাপতি বাকির হোসেন বলেন, ‘বাজারটিতে নিয়মিত (বৃহস্পতিবার-রবিবার পর্যন্ত) সাপ্তাহিক হাটে দেড়শ থেকে দুইশ কোটি টাকা বেচাকেনা হলেও ঈদ উপলক্ষে বেচাকেনা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়। এ বছর ঈদ উপলক্ষে সন্তোষজক বিক্রির কারণে ব্যবসায়ীরা  খুশি। ঈদ উপলক্ষে দিন ও রাতে এই হাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই) প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন বলেন, শাড়ি, লুঙ্গি ও দেশের অন্যতম অন্যান্য দেশীয় বস্ত্র কারখানাগুলো গড়ে উঠেছে নরসিংদী কেন্দ্রিক। আর এসব বস্ত্র কোম্পানি গুলোর প্রধান শো-রুম রয়েছে বাবুরহাটে। নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াসহ ন্যায্য দামে চাহিদা অনুযায়ী সব ধরনের দেশীয় কাপড় পাওয়া যায় এ হাটে। এ কারণে বাবুরহাটকে ঘিরে পাইকারি ক্রেতাদের আগ্রহ আশাব্যঞ্জক।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম  জামেরী হাসান বলেন, ‘বাবুরহাট একটি ঐতিহ্যবাহী বাজার। জাতীয় অর্থনীতিতে বাজারটির বিরাট ভূমিকা রয়েছে। এখানে অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ সরু রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে। সারাদেশ থেকে আসা ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে বাজারটির আধুনিকায়ন ও সমস্যাগুলো সমাধানের জন্য তিন বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ঈদকে ঘিরে নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা সদস্য ও বণিক সমিতি নিযুক্ত স্বেচ্ছাসেবীরা।’

(এসএইচআর/এসএএম/ ২১ মে ২০১৯)