
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে ভারতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) প্রবাহ ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো কমেছে।
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া নরেন্দ্র মোদিকে যে অর্থনৈতিক নীতি বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এটা তারই ইঙ্গিত। খবর লাইভমিন্ট।
ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডের প্রকাশিত তথ্যানুসারে, ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে ভারতে এফডিআই ইকুইটি আন্তঃপ্রবাহ ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪০ কোটি ডলারে। দেশটিতে যে দীর্ঘমেয়াদি বিদেশী বিনিয়োগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে, এফডিআই প্রবাহের হ্রাস সেটা প্রতিফলিত করছে।
দেশটিতে এমন সময় এফডিআই প্রবাহ কমল, যখন স্থানীয় নির্দেশকগুলো এরই মধ্যে জানান দিচ্ছে যে ভোগ ও বিনিয়োগ কার্যক্রমে শ্লথগতি চলছে। ২০১৮-১৯ অর্থবছরে যে দুই খাতে সবচেয়ে বেশি এফডিআই কমেছে সেগুলো হলো টেলিকমিউনিকেশন ও ফার্মাসিউটিক্যাল। টেলিকমিউনিকেশন খাতে এফডিআই ৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭০ কোটি ডলার এবং ফার্মাসিউটিক্যাল ৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৬ কোটি ৬০ লাখ ডলার।
তবে ফিন্যান্সিয়াল, ব্যাংকিং, বীমা, আউটসোর্সিংসহ সেবা খাতে এফডিআই বেড়েছে ৩৭ দশমিক ৩ শতাংশ। যদিও যে হারে এফডিআই আসার কথা ছিল, তা আসেনি।
২০১৬ সালের সেপ্টেম্বরে টেলিকম খাতে রিলায়েন্স জিও প্রবেশের পর ডাটা ট্যারিফ তলানিতে এবং ভয়েজ কল বিনা মূল্যে নেমে আসার পর থেকে খাতটি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এটি এ খাতটিকে বিদেশী বিনিয়োগকারীদের কাছে কম আকর্ষণীয় করে তুলেছে। ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে সরকারের মূল্য নিয়ন্ত্রণ পদক্ষেপ হয়তো বিদেশী বিনিয়োগকারীদের অনুৎসাহিত করছে।
যদিও এফডিআই আসার দিক থেকে মরিশাস এখনো শীর্ষে রয়েছে। তবে ২০১৮-১৯ অর্থবছরে এর অংশ ২ শতাংশীয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২ শতাংশ। অন্যদিকে একই বছর সিঙ্গাপুরের অংশ ২ শতাংশীয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ শতাংশে।
গাড়ি বিক্রি ও উড়োজাহাজে যাত্রী সংখ্যার সামষ্টিক নির্দেশকগুলো দেশটির অর্থনীতির শ্লথগতিকে নির্দেশ করছে। এপ্রিলে ভারতে গাড়ি বিক্রি কমেছে ১৬ শতাংশ, যা আট বছরের সর্বনিম্ন। অন্যদিকে এপ্রিলে স্থানীয় বিমান যাত্রা প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো কমেছে ৪ দশমিক ৫ শতাংশ।
(এসএএম/ ০৩ জুন ২০১৯)