
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: আগামীকাল (১৭ জুন ২০১৯) সোমবার বহুপ্রতিক্ষিত নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে অলিখিত দুটি প্যানেলে প্রার্থীতা জমা দিয়ে অংশ নিচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। তম্মধ্যে একটি প্যানেলে পুরো ১২ জনের প্রার্থী অংশ নিলেও অপর প্যানেল থেকে প্রতিদ্বন্ধিতা করছে ৯ জন প্রার্থী।
জানা গেছে, নির্বাচনকে ঘিরে নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যা স্থানীয় আওয়ামী রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন জেলার ব্যবসায়ী মহলসহ সাধারণ জনগণ।
নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের ব্যানারে একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন শিশির। এই প্যানেলে অন্যান্য প্রার্থীরা হলেন, মো: কাজিম উদ্দিন, মো: রফিকুল ইসলাম, মো: মাহমুদুল হাসান (শামীম নেওয়াজ), মো: আল মোজাহিদ হোসেন (তুষার), মো: মমিন মিয়া, মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন, মোঃ আব্দুল কাইয়ুম মোল্লা, আল আমিন রহমান, আব্দুল মোতালিব হোসেন, পরেশ সুত্রধর, মো: নাজমুল হক ভূইয়া প্রমুখ।
স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের ব্যানারে অপর প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন চেম্বারের সাবেক প্রেসিডেন্ট এ কে ফজলুল হক। এ প্যানেলে অন্যান্য প্রার্থীরা হলেন- রাশেদুল হাসান রিন্টু, মো: রাসেল বিন হাসনাত, কাজী মো: সোহেল, জিয়াউর রহমান, কে এইচ খলিলুর রহমান আপেল, আশরাফ উদ্দিন পাঠান আসাদ, ইরতাজুল ইসলাম তৌহিদ, মো: আব্দুল কাইয়ুম প্রমুখ।
আলী হোসেন শিশিরের নেতৃত্বাধীন প্যানেল থেকে আওয়ামী লীগসহ যুবলীগের বেশ কয়েকজন নেতা প্রতিদ্বন্ধিতা করছেন। অপর দিকে এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেল থেকে প্রতিদ্বন্ধিতা করছে বেশ কয়েকজন অরাজনৈতিক অপেক্ষাকৃত নবীন ব্যবসায়ী।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি সূত্রে জানা যায়, চেম্বারের সাধারণ সদস্য সংখ্যা ৯৫৪ জন এবং সহযোগী সদস্য ৬৪১ জন। এই সদস্যরা নরসিংদী বিয়াম স্কুল কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করে চেম্বারের নতুন নেতা নির্বাচন করবে।
কয়েকজন সাধারণ ব্যবসায়ী ভোটারের সাথে আলাপ করে জানা গেছে, পূর্বে তাদের তেমন কোন মূল্যায়ন ছিল না। কারণ নির্বাচন ছাড়া ভোটারবিহীন নেতা হওয়াতে সদস্যদের কাউকে কেউ গুরুত্ব দিত না। এবার নির্বাচন হওয়াতে প্রার্থীগন ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেছে এবং আশারবাণী শুনিয়েছে। এভাবে চলতে থাকলে চেম্বারের সদস্যগনকে তাদের সদস্য পদ নবায়ন করার জন্য আর কাউকে তাগিদ দিতে হবে না বলে অভিজ্ঞমহল মনে করে। নির্বাচনের কোন বিকল্প নেই। অতএব ভবিষ্যতে যারা চেম্বারের নেতৃত্ব দিতে আসবেন তাদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে। নির্বাচনে সাধারণ ভোটারসহ প্রার্থীদেরকে হুমকি-দমকি দিয়ে প্রভাবিত করার পাল্টাপাল্টি অভিয়োগ রয়েছে।
এদিকে এবারের নির্বাচনে তরুণ প্রার্থীদের জয়জয়কার। তারা চেম্বারে তরুণ নেতৃত্ব দেখতে চায়।
এ ব্যাপারে তরুন কয়েকজন প্রার্থী জানান,‘ আমরা চেম্বারের তথা ব্যবসায়ীদের উন্নতির জন্য নির্বাচনে দাঁড়িয়েছি। ভোটাররা যদি মনে করেন আমরা কাজ করতে পারব তাহলে তারা আমাদেরকে বেঁচে নিবেন।’
নরসিংদী বাজারের কয়েকজন প্রবীণ ব্যবসায়ী জানান, ‘ব্যবসায়ী স্বার্থে যারা কাজ করবেন এবং চেম্বারের উন্নয়নের জন্য যারা প্রতিশ্রুতি দিবেন আমরা এবার তাদেরকেই নির্বাচিত করবো।’
এদিকে নরসিংদী চেম্বারের নির্বাচন স্থানীয় আওয়ামী রাজনীতিতে বেশ প্রভাব ফেলছে। ইতোমধ্যে জেলার আওয়ামী লীগের প্রভাবশালী নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা দুই ভাগে বিভক্ত হয়ে দু’টি প্যানেলকে সমর্থন দিচ্ছে। নির্বাচনে যে প্যানেল নির্বাচিত হবে স্থানীয় রাজনীতিতে ওই নেতৃবৃন্দের আধিপত্য বিরাজ করবে বলে নরসিংদী ব্যবসায়ী মহলসহ সাধারণ জনগণ মনে করছেন।
সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা আলী হোসেন শিশির বলেন, ‘নরসিংদীর সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আসি সব সময়ই স্বোচ্ছার ছিলাম। এবার তা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। তার জন্য বিভিন্ন মহল থেকে হুমকি-দমকির সম্মুখিন হচ্ছি। ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করতে পারব এমনটা মনে করলে সাধারণ ব্যবসায়ীদের কাছে মিনতি করব আমার প্যানেলের সকলকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম থাকব।
স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের নেতা এ কে ফজলুল হক বলেন, ‘ আমি এর আগেও নরসিংদী চেম্বার্সের প্রেসিডেন্ট ছিলাম। নরসিংদীর সাধারণ ভোটারদের আমার এবং আমার প্যানেলের সকলের প্রতি আস্থা আছে। হমকি-দমকি রয়েছে তবে তা শুধু আমাদের উপর নয় সাধারণ ব্যবসায়ী ভোটাররাও এর থেকে বাদ পড়ছেনা। আশা করি সকল হুমকি-দমকি পাশ কাটিয়ে শান্তিপূর্ণ ভাবে নরসিংদীর ব্যবসায়ী মহল ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সাধারণ ভোটারদের রায় আমাদের পক্ষে থাকবে এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
(এসএইচআর/এসএএম/ ১৬ জুন ২০১৯)