
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আগামী ৩১ জুলাই ২০১৯ এর মধ্যে সকল অবৈধ বেনিফেসিয়ারি ওনার্স (বিও) হিসাবের তালিকা তৈরি করে সিডিবিএলের মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানোর নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। নিয়ন্ত্রক সংস্থার ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে একাধিক বিও (বেনেফিশিয়ারি ওনার্স) হিসাবে একই মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্র এবং ব্যাংক হিসাব যারা ব্যবহার করছে তাদের তালিকা তৈরিতে সকল ডিপিতে (ডিপোজেটরি পার্টিসিপেন্ট) চিঠি পাঠিয়েছে সিডিবিএল।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, একই জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন বিও হিসাবে ব্যবহারের বিষয়টি সম্প্রতি কমিশনের নজরে এসেছে; যা বেআইনি এবং কোনক্রমেই কাম্য নয় বলে মনে করছে সংস্থাটি। যারা অন্য কারও জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নিজের বিওতে ব্যবহার করছে, তাদের চিহ্নিত করার জন্য কমিশন ডিপোজিটরি অংশগ্রহণকারীদের (ডিপি) জন্য ইতিমধ্যে সার্কুলার জারি করেছে। ওই সার্কুলারে বর্ণিত বিষয়াদির ব্যত্যয় থাকলে, আগামী ২১ জুলাইয়ের মধ্যে ডিপোজিটরি অংশগ্রহণকারীদের সংশোধন করতে হবে। অত:পর সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সার্কুলার অনুযায়ী কমিশনকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে একটি কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করবে; যাতে কোন ব্যত্যয় থাকলে উল্লেখ করবে। আর সেই রিপোর্ট অনুযায়ি কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। আর সার্কুলারে বিও হিসাবধারীকে ইমেইল সন্নিবেশিত করার জন্য ডিপোজিটরি অংশগ্রহণকারীদেরকে অনুরোধ করা হবে। যাতে হিসাবধারীরা কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের সকল তথ্য ইমেইলের মাধ্যমে খুব সহজেই পান।
(এসএএম/ ২৭ জুন ২০১৯)