Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 22:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: পাঁচতারকা হোটেল নির্মাণের নামে ঋণ নিয়ে শিপ ব্রেকিং ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে আত্মসাৎ এবং বিদেশে পাচারে সহায়তার দায়ে মার্কেন্টাইল ব্যাংকের ৩ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রামের ডবলমুরিং থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বুধবার আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেনের আদালত।

ওই ৩ ব্যাংকার হলেন- মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নন্দদুলাল ভট্টাচার্য, নগরীর শেখ মুজিব রোড শাখার ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন আহমেদ এবং আগ্রাবাদ শাখার অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট বিজয় কুমার দত্ত।

দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামে আগ্রাবাদের সেন্টমার্টিন হোটেলের পেছনে পাঁচতারকা সানমার হোটেল নির্মাণের জন্য মার্কেন্টাইল ব্যাংক থেকে প্রথম দফায় ৭৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন সানমার হোটেল লিমিটেডের চেয়ারম্যান মুজিবুর রহমান মিলন ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শাহীন। এই টাকা পাওয়ার ব্যবস্থা করেছিলেন ব্যাংকের তিন কর্মকর্তা।

কিন্তু হোটেলের নামে ঋণ নিয়ে সেই অর্থ শিপ ব্রেকিং ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে আত্মসাৎ এবং বিদেশে পাচার করেন তারা। এই টাকা আত্মসা‍ৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করে দুদক।
দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক জালাল উদ্দিন আহমেদের বাদি হয়ে দায়ের করা এই মামলায় সানমার হোটেল লিমিটেডের চেয়ারম্যান মুজিবুর রহমান মিলন ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শাহীনকে আসামি করা হয়েছে।

দুদকের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাবলু বলেন, হোটেলের নামে ঋণ নিয়ে সেই টাকা শিপ ব্রেকিং ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে আত্মসাৎ করেন এবং পরবর্তীতে বিদেশে পাচার করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ এবং মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, মামলা দায়েরের পর তিন ব্যাংক কর্মকর্তা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছিলেন। মেয়াদ শেষে বুধবার তারা আদালতে আত্মসমর্পণ করেন। বাকি দুই আসামি পলাতক আছেন

 

(ইউএম/ ১৯ এপ্রিল ২০১৭)