Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 15:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেছেন, জ্ঞানভিত্তিক বিনিয়োগ করার সক্ষমতাই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রধান পুঁজি।

তিনি বলেন,  ‘এই সক্ষমতা বিনিয়োগকে সুরক্ষা দেয়। আর বিনিয়োগ সুরক্ষা পুঁজিবাজারের জন্য খুবই প্রয়োজন। এই জ্ঞান শেয়ারের সঠিক দর নির্ধারন ও কার্যকরি বিনিয়োগে উৎসাহিত এবং বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগকে আকৃষ্ট করে। তাই বিনিয়োকারীদেরকে জ্ঞানভিত্তিক বিনিয়োগ সক্ষমতা অর্জনে সচেষ্ট হতে হবে।

সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এপেক ফাইন্যান্সিয়াল রেগুলেটরস ট্রেইনিং ইনিশিয়েটিভস ‘রিজিওনাল সেমিনার অন ফাইন্যান্সিয়াল লিটারেসি এন্ড ইনভেস্টর প্রোটেকশন’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অনুষ্ঠানে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) এর কান্ট্রি ডিরেক্টর মানমোহন প্রকাশ উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের সুরক্ষায় আমরা বিভিন্ন বিষয়কে অনুসরন করি। এসবের মধ্যে রয়েছে- জ্ঞানভিত্তিক বিনিয়োগ, সঠিক রুলস রেগুলেশনস গঠন, বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য বিকল্পের সহজলভ্যতা, কোম্পানির বিশ্বাসযোগ্য তথ্য প্রকাশ, সুশাসন নিশ্চিত করা, প্রাইমারী মার্কেটে বিনিয়োগকারীদের সুরক্ষা এবং শক্তভাবে গুজবকারী ও ইনসাইডার ট্রেডিংয়ে নজরদারি রাখা প্রভৃতি।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি ব্যক্তিগত উদ্যোগে বিনিয়োগকারী, পলিসি মেকারস ও সংশ্লিষ্ট অন্যান্যদেরকে সচেতন করার জন্য উৎসাহিত করেছেন। যিনি ২০১০-১১ সালে বাজারের ধসের কারন হিসাবে পুঁজিবাজারে অংশগ্রহণকারীদের জ্ঞানের ঘাটতিকে চিহ্নিত করেন। ওই সময় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেন। এছাড়া বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে ২০১৭ সালের জানুয়ারিতে দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ড. এম খায়রুল হোসেন বলেন, বাংলাদেশের শিল্পন্নোয়নে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে পুঁজিবাজারকে ব্যবহার করতে হবে।  দেশকে কাঙ্খিত লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়ার জন্য পুঁজিবাজারের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বাজার বাংলাদেশের ২০৪১ সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

এসময় বিগত সময়ে পুঁজিবাজারের উন্নয়নে সহযোগীতা ও এপেক এফআটিআই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) এর কান্ট্রি ডিরেক্টর মানমোহন প্রকাশ বলেন, দক্ষিন এশিয়ায় দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় শীর্ষে অবস্থান করছে  বাংলাদেশ। দেশটির অনান্য সেক্টরের মতো পুঁজিবাজারকেও শক্তিশালী করার সময় এসেছে। ইতোমধ্যে পুঁজিবাজারের বিভিন্ন সংস্কার করা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। এছাড়া ডিএসইতে স্ট্যাটেজিক পার্টনার নেওয়া হয়েছে। ডেরিভেটিভস মার্কেটসহ নতুন নতুন পণ্য আনা হচ্ছে। ইনভেস্টর এ্যাওয়ারনেসও করা হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক বিবেচনায় এসব কিছুই পুঁজিবাজারের জন্য ভাল উদ্যোগ। আর এসব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারনে। তাই প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, এপেক ফাইন্যান্সিয়াল রেগুলেটরস ট্রেইনিং ইনিশিয়েটিভ এর বিনিয়োগ শিক্ষা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সটি চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। এটি যৌথভাবে আয়োজন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)। আর এতে অর্থায়ন করেছে চীন। আর এত বাংলাদেশ, ভারত, কোরিয়া, নেপাল, চীন, ভিয়েতনামসহ ১০ দেশের ফিনান্সিয়াল নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

(এসএএম/ ০৮ জুলাই ২০১৯)