
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ঢাকার আদালতে পৃথক দুটি মামলা নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।
আদালত সূত্র বলছে, মামলার বাদীরা সরকারের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি না হওয়ায় তাঁদের মামলা নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর আগে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
মামলার দুই বাদী হলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম খলিল।
প্রিয়া সাহা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক। গত বুধবার ওয়াশিংটনের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা অভিযোগ করে বলেন, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান উধাও হয়ে গেছেন। তিনি এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের সাহায্য চান। সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রিয়া সাহার অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও কাল্পনিক বলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আদালত সূত্র জানায়, প্রিয়া সাহার বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪(ক) ধারায় মামলা আমলে নেওয়ার আবেদন করেন বাদীরা।
আবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট, যা রাষ্ট্রদ্রোহের শামিল।
(এমআইআর/ ২১ জুলাই ২০১৯)