Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 10:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যমুনা গ্রুপের কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিহত কিবরিয়ার বাবা মো. ইউনুস আলী সরদারের পক্ষে আইনজীবী মো. ফাইজুল্লাহ এ রিট আবেদন করেন।
রিটে স্বরাষ্ট্র সচিব, সড়ক ও যোগাযোগ সচিব, পুলিশের আইজিপি, যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ ১০ জনকে রেসপনডেন্ট করা হয়েছে।

এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান রিটকারীর আইনজীবী।

এর আগে ১৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পেশাগত দায়িত্বপালনের সময় কাভার্ডভ্যান চাপায় গুরুতর আহত হন বিএমপি ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়া। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যান থেকে হেলিকপ্টারে করে সার্জেন্ট গোলাম কিবরিয়াকে ঢাকায় পাঠানো হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট গোলাম কিবরিয়া। এসময় একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলো। তিনি কাভার্ডভ্যানটিকে সিগন্যাল দিলে চালক তা অমান্য করে চালিয়ে যায়।
এরপর সার্জেন্ট কিবরিয়া গাড়িটিকে ধাওয়া করে ধরার চেষ্টা করলে সেটি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে সেখানে থাকা ট্রাফিক বিভাগের কনস্টেবল মামুন বন্দর থানা পুলিশের সদস্য ও স্থানীয়দের সহায়তায় সার্জেন্ট কিবরিয়াকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ঝালকাঠির নলিছিটি থানা পুলিশের সহায়তায় কাভার্ড ভ্যানটি জব্দ ও তার চালককে আটক করা হয়।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সার্জেন্ট কিবরিয়া মৃত্যুবরণ করেন।

(এমআইআর/ ২৩ জুলাই ২০১৯)