
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের নন-লাইফ বীমা খাতে ১৫% এর অতিরিক্ত কমিশন বন্ধে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৫ জুলাই ২০১৯) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভায় এ আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ১৫% এর অধিক কমিশন প্রদান রোধে কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত নন-লাইফ ৬৪ সার্কুলারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উক্ত সার্কুলারের বাস্তবায়ন বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর প্রতিনিধিগণ বাংলাদেশ ব্যাংকের সহায়তা কামনা করেন। এ বিষয়ে আইনানুগ সকল প্রকার সহায়তা প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনেতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নন-লাইফ ৬৪ সার্কুলার বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি যুগ্মসচিব মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী ও কর্তৃপক্ষের সদস্যগণ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আফতাব উল ইসলাম, এফসিএ, মাহবুবুর রহমান, মোজাফফর হোসেন পল্টু, এ কে এম মনিরুল হক, তৌহিদ সামাদ এবং নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই ২০১৯ তারিখে কর্তৃপক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত নন-লাইফ বীমা কোম্পানি/কর্পোরেশন এর চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা/ব্যবস্থাপনা পরিচালকগণ ১৫% এর অধিক কমিশন বন্ধে দৃঢ় প্রত্যয় এবং কর্তৃপক্ষের সার্কুলারের সার্থে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
(এসএএম/ ২৫ জুলাই ২০১৯)