Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 04:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পে সীমাহীন অনিয়ম-দুর্নীতি চলছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ করেন উত্তরা ১৮ নম্বর সেক্টর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক কল্যাণ সমিতি।

তাদের অভিযোগ, ফ্ল্যাটে ব্যবহার করা হয়েছে নিম্নমানের মালামাল ও যন্ত্রাংশ। কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। আর এ কারণে নির্ধারিত সময়ের আড়াই বছর পরও ফ্ল্যাট বুঝে পাওয়া যায়নি।

মানববন্ধনে সমিতির নেতারা বলেন, ঢাকা শহরে যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তাদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আবাসন প্রকল্প গ্রহণ করেন। কিন্তু বাস্তবে বিভিন্ন অনিয়মের কারণে কাজ সেভাবে এগোচ্ছে না এবং প্রকল্পে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি বিদ্যমান।

তারা আরও বলেন, বরাদ্দপ্রাপ্তদের চুক্তি অনুযায়ী ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ফ্ল্যাট সম্পূর্ণ ব্যবহার উপযোগী করে বুঝিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমার আড়াই বছর পার হলেও ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি। অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষকে বলা হলেও যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে না। নিম্নমানের মালামাল ও যন্ত্রপাতির ব্যবহার করে কাজ অব্যাহত রেখেছে।

মানববন্ধনে অভিযোগ করা হয়, অ্যাপার্টমেন্টে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির জেনারেটর সেট অ্যাসেম্বল্ড এবং টেস্টডে থাকার কথা ছিল। কিন্তু বাস্তবে দিয়েছে চীনা কোম্পানির পণ্য। ভবনের ফায়ার ফাইটিংয়ের মোটর ড্রাইভিং ডিজেল ইঞ্জিন লাগানোর কথা থাকলেও তা স্থাপন করা হয়নি।

এ সময় বুয়েটের বিশেষজ্ঞ দল দিয়ে শিডিউল মোতাবেক কাজের মান যাচাইয়ের পর যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মোহাম্মদ হামিদুর রহমান, যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ও সংগঠনের সদস্যরা।

(এমআইআর/এসএএম/ ২৭ জুলাই ২০১৯)